সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Wednesday, 14 October, 2026, 6:52 PM
সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলায় সারের ডিলার নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা জজকোর্টের সামনে এ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচি থেকে বিতর্কিত নিয়োগ তালিকা অবিলম্বে বাতিল করে প্রকৃত ব্যবসায়ী, কৃষক ও যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে ডিলার নিয়োগের জোর দাবি জানান বক্তারা। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো বলেন, সাম্প্রতিক সময়ে ৭৮টি ইউনিয়নে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগকে কেন্দ্র করেই তাদের এ কর্মসূচি। তিনি অভিযোগ করেন, বিএনপি সরকারকে বিতর্কিত করতে প্রশাসনের ভেতরে থাকা ব্যক্তি এবং আওয়ামী লীগের অনুসারীরা পরিকল্পিতভাবে নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করেছেন। মানববন্ধনে জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।