প্রকাশ: Wednesday, 3 April, 2019, 7:47 PM সর্বশেষ আপডেট: Wednesday, 3 April, 2019, 9:39 PM
তরুণীর ‘রহস্যজনক’ মৃত্যু, কবর থেকে লাশ উত্তোলন
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাগুয়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে কামরুন্নাহার ইতি নামে এক তরুণীর লাশ উত্তোলন করা হয়েছে। ৪ মাস ৩ দিন পর আজ বুধবার দুপুরে আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্তের জন্য লাশটি উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকা এবং মামলার তদন্ত কর্মকর্তা ও মধুপুর থানার তদন্ত বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন। কামরুন্নাহার ইতি টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজে ব্যবস্থাপনা বিষয়ে অনার্সে পড়তেন।
পুলিশ জানিয়েছে, গত বছরের মে মাসে ধনবাড়ী উপজেলার বাগুয়া গ্রামের আব্দুল কদ্দুসের মেয়ে কামরুন্নাহার ইতির বিয়ে হয় মধুপুর উপজেলার ভট্টবাড়ী গ্রামের মেছের আলীর ছেলে আব্দুল জলিলের সঙ্গে। বিয়ের ৬ মাস পর গত ৩০ নভেম্বর রাতে শ্বশুর বাড়ি থেকে ইতির লাশ উদ্ধার করা হয়।
শ্বশুর বাড়ির দাবি, ইতি গলায় ওড়না পেঁচিয়ে গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। কিন্তু ইতির বাবা এটিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে গত ৪ ডিসেম্বর মধুপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় ইতির স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি ও দেবরকে। এরপর পুলিশ আসামিদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের রিপোর্টে হত্যা নয়, গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার কথা উল্লেখ করা আছে। এজন্য মামলার বাদী টাঙ্গাইল বিচারিক আদালতে দ্বিতীয় দফা ময়নাতদন্তের জন্য আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।
ইতির বাবার অভিযোগ আসামিরা জামিনে বেরিয়ে বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। প্রভাব খাটিয়ে ময়নাতদন্তের রিপোর্টে হত্যাকে ‘আত্মহত্যা’ সাজিয়েছেন। তিনি মেয়েকে হত্যার ন্যায় বিচারের প্রত্যাশা করেন।