বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে গোলাম রাব্বানীর সমর্থন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 3 April, 2019, 7:45 PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে গোলাম রাব্বানীর সমর্থন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানালেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস গোলাম রাব্বানী।
তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি এস এম ইমামুল হকের পদত্যাগ দাবির আন্দোলনের পক্ষে একমত প্রকাশ করেছেন। এসময় তিনি শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলেও উল্লেখ করেন।
গোলাম রাব্বানী তার ভেরিফাইড ফেইসবুকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে মঙ্গলবার রাতে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘বলেছিলাম শিক্ষার্থীদের সকল নৈতিক ও যৌক্তিক দাবির বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণ সমর্থন রয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি একাত্মতা প্রকাশ করছি।’
উল্লেখ্য, শিক্ষার্থীদের রাজাকারের সন্তান বলে মন্তব্য করার পর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে। তোপের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হলেও শেষ রক্ষা হয়নি ভিসির। তার পদত্যাগ দাবিতে বন্ধ ক্যাম্পাসেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। ভিসির পদত্যাগের দাবিতে ইতিমধ্যে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। যা শেষ হচ্ছে আজ।