ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ সাপ্তাহিক হাট থেকে জব্দকৃত ৭১১টি পরিবেশবিধ্বংসী ইউক্যালিপটাস গাছ ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার(২৩ জুন)দুপুরে নেকমরদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা বেগমের নির্দেশে এসব গাছ ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিদুল ইসলাম এবং ইউনিয়ন পরিষদের সচিব রমজান আলী উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার নেকমরদ সাপ্তাহিক হাটে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭১১টি ইউক্যালিপটাস গাছ জব্দ করা হয়। কৃষি বিভাগের উপস্থিতি টের পেয়ে গাছগুলোর মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে উপজেলা প্রশাসনের নির্দেশনায় জব্দকৃত গাছগুলো ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন, সরবরাহ, বিক্রয় ও বিপণন করা নিষিদ্ধ। পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।