|
ফুলবাড়ীতে কৃষি উন্নয়ন ও নারী উদ্যোক্তা তৈরিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব,ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ীতে কৃষি উন্নয়ন ও নারী উদ্যোক্তা তৈরিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন। তিনি তার বক্তব্যে বলেন, কৃষিকে শুধু উৎপাদনমুখী না করে পুষ্টি ও বাজারব্যবস্থার সঙ্গে সমন্বয় করে আধুনিক ও লাভজনক খাতে রূপান্তর করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। বিশেষ করে নারী উদ্যোক্তা তৈরি, পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের প্রযুক্তিনির্ভর চাষাবাদে উদ্বুদ্ধ করতে “পার্টনার” প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম খামারবাড়ির উপপরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের কৃষি ব্যবস্থাকে আরও আধুনিক, টেকসই ও পুষ্টি-সংবেদনশীল করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে “পার্টনার” প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে কৃষিকে লাভজনক ও কর্মসংস্থানমুখী খাতে পরিণত করতে তরুণ ও নারী উদ্যোক্তাদের সম্পৃক্ততা অত্যন্ত প্রয়োজন। কৃষির আধুনিকায়নের মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। অনুষ্ঠানে কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধি, নারী উদ্যোক্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কৃষি উন্নয়ন, পুষ্টিকর খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় সফল কৃষক ও নারী উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় এবং কৃষি খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও আধুনিক কৃষি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
