|
পঞ্চগড়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
|
![]() পঞ্চগড়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ০৮:৩০ এর দিকে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত জয় একাই সিনেমা হল মার্কেটের আলী চটপটির দোকানের সামনে ছিল হঠ্যাৎ প্রতিপক্ষের ১০–১২ জন সদস্য তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে আল-আমিন নামে একজন ধারালো ছুরি দিয়ে জয়ের পেটে আঘাত করে। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জয়কে স্থানীয়রা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে যাত্রা পথেই তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই আশরাফ আলী বলেন, “রাতে কয়েকজন মোটরসাইকেল নিয়ে জয়কে খুঁজছিল। আমিও তাকে না পেয়ে দোকানে যাই। পরে ফোনে জানতে পারি জয়কে ছুরিকাঘাত করা হয়েছে। তার পেট কেটে নাড়িভুঁড়ি বের করে দেওয়া হয়েছে। দ্রুত হাসপাতালে গিয়ে দেখি, অবস্থা গুরুতর। পরে রংপুর নেওয়ার পথে জয় মারা যায়। আমরা এই নির্মম হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।” পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রেজওয়ানুল্লাহ জানান, “নিহতের পেটের বাম পাশে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল এবং ভুড়ি বের হয়ে এসেছিল। আমরা অস্ত্রোপচারের মাধ্যমে তা ভেতরে ঢুকিয়ে সেলাই করি এবং তাকে রেফার করি। এছাড়াও তার এক হাতের তালুতেও আঘাতের চিহ্ন ছিল।” পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ গতকাল রাতে বলেন, ‘আমরা রাত পৌনে ৯টার দিকে খবর পাই, সিনেমা হল মার্কেট এলাকায় জয় (জাবেদ উমর) নামে একজন তরুণ ছুরিকাঘাতে আহত হয়েছেন। রংপুর মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার সঙ্গে প্রাথমিকভাবে আল আমিন ও পারভেজ নামের দুজন তরুণের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।’ শইমী ইমতিয়াজ আরও বলেন, ‘মৃত্যুর পর ওই তরুণের লাশ বাড়িতে নেওয়া হয়েছিল। দ্রুততম সময়ে লাশের ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
