|
পেঁপে পাতার রসে কি আদৌ প্লাটিলেট বাড়ে? কী বলছেন চিকিৎসকরা
নতুন সময় ডেস্ক
|
![]() পেঁপে পাতার রসে কি আদৌ প্লাটিলেট বাড়ে? কী বলছেন চিকিৎসকরা মুশকিল হলো, ডেঙ্গু নিয়ে আমাদের মধ্যে সচেতনতা রয়েছে অনেকটাই কম। তাই জ্বর, গাঁটে গাঁটে ব্যথা এবং অত্যধিক ক্লান্তির মতো সমস্যা দেখা দেয়ার পরও অনেকেই চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না। তাতেই সমস্যা আরও গভীরে আঘাত হানছে। এছাড়া আরেকটা বিষয় হলো, ডেঙ্গুর প্রকোপ বাড়লেই পেঁপে পাতার কদর একলাফে অনেকটাই বেড়ে যায়। জনসাধারণের বিশ্বাস, এই পাতার রস খেলে নাকি রক্তে প্লাটিলেট হু হু করে বেড়ে যায়। এই ধারণা কি আদৌ সত্যি? এ প্রসঙ্গে কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা? তার আগে জেনে নেই ডেঙ্গু রোগীর প্লেটলেট কেন কমে যায়। চিকিৎসকরা জানাচ্ছেন, ডেঙ্গু রোগীর শরীরে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য কিছু অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডিই সরাসরি রক্তের প্লাটিলেটকে ধ্বংস করে দেয়। তাই ডেঙ্গু রোগীর অনেকেরই প্লাটিলেট দ্রুত গতিতে কমতে থাকে। কিন্তু অ্যান্টিবডি কেন প্লেটলেটের উপর আক্রমণ করে, সেই বিষয়ে এখনো জানা যায়নি। এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলে জানাচ্ছেন চিকিৎসকরা। পেঁপে পাতার রস খেলে কি প্লাটিলেট বাড়ে? চিকিৎসকদের কথায়, বিজ্ঞানে কোনো বিষয়কে প্রমাণ করতে গেলে ট্রায়াল দরকার হয়। একটা বিরাট অংশের মানুষের মধ্যে কোনো উপাদানের কার্যকারিতা প্রমাণ করতে পারলেই তাকে প্রামাণ্য হিসাবে ধরা হয়। তবে পেঁপে পাতা নিয়ে এখনো এমন কোনো ট্রায়াল হয়নি। এমনকি এই পাতা যে প্লাটিলেট বাড়ানোর কাজে খুব একটা কার্যকরী, এমনটা কোথাও বলা হয়নি। তাই পেঁপে পাতা খেলেই যে প্লাটিলেট বাড়বে, এই মানসিকতার পরিবর্তন দরকার। তবে পেঁপে পাতার রস খেলে শরীরের কোনো ক্ষতি হয় না। তাই চিকিৎসকরা বারণও করেন না। তাহলে প্লাটিলেট বাড়বে কী করে? রোগের প্রকোপ কিছুটা কমলে প্লাটিলেট কয়েকদিনের মধ্যে এমনিতেই বেড়ে যায় বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তাদের কথায়, প্লাটিলেট নিয়ে অযথা বেশি চিন্তা করে লাভ নেই। বরং খাওয়াদাওয়া ঠিকমতো করলে, পর্যাপ্ত পরিমাণে পানিপান করলেই এই রোগ থেকে দ্রুত সেরে ওঠা যায়। এমনকি বাড়বে প্লাটিলেটও। তাই এই নিয়ে অধিক চিন্তা করে লাভ নেই। তবে প্লাটিলেট ১০ হাজারের নীচে নেমে গেলে বা রোগীর বমি, পেটে ব্যথা এবং রক্তপাত শুরু হলে চিকিৎসকের পরামর্শ মেনে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা দরকার। ডেঙ্গুর চিকিৎসা কী? এই রোগে আক্রান্ত হলে এখনো ভরসা সেই প্যারাসিটামল। এই ওষুধটি খেলেই জ্বর, গা, হাত, পায়ে ব্যথা কমবে। তবে রোগীর শরীরে ডেঙ্গুর প্রভাব খুব বেশি থাকলে রিবাভিরিন নামক একটি অ্যান্টিভাইরাল ড্রাগ ব্যবহার করা হয়। যদিও এই ওষুধের কার্যকারিতা নিয়েও তেমন বড় কোনো ট্রায়াল হয়নি। অবহেলা নয় এই সময়টায় আপনার বা পরিবারের কারও জ্বর, গায়ে, হাত পায়ে ব্যথা, মাথা ব্যথার মতো লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো একটা ডেঙ্গু টেস্ট করে নিন। এই কাজটুকু করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করতে পারলেই দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন। তাই ডেঙ্গুকে অবহেলা নয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
