ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
মুশফিককে ছাড়িয়ে তামিম, অবশেষে ভাঙল জুটি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 17 May, 2022, 1:12 PM

মুশফিককে ছাড়িয়ে তামিম, অবশেষে ভাঙল জুটি

মুশফিককে ছাড়িয়ে তামিম, অবশেষে ভাঙল জুটি

চট্টগ্রাম টেস্ট শুরুর আগে বাংলাদেশের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের। তবে তামিম ইকবালের সুযোগ ছিল চট্টগ্রামেই মুশফিককে পেছনে ফেলে বাংলাদেশের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক হওয়ার। সুযোগটি লুফে নিয়েছেন তামিম। সাগরিকায় অর্ধশতকের দেখা পাওয়ার পর টেস্টে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ডের মালিকানাও বুঝে নিলেন তামিম।


এদিকে দীর্ঘ পাঁচ বছর পর টেস্টের ওপেনিং জুটিতে শতরানের দেখা পেল বাংলাদেশ। তামিম ইকবাল ও মাহমুদুল জয়ের উদ্বোধনী জুটিতে বাংলাদেশ সংগ্রহ করে ১৬২ রান। ৫৮ রান করা জয়কে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করে এই জুটি  ভাঙেন আশিথা ফার্নান্ডো।

দ্বিতীয় উইকেট জুটিতে এখন ব্যাট করছেন তামিম ইকবাল ও নাজমুল শান্ত। তামিম আছেন টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরির দ্বারপ্রান্তে।

টেস্টে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড নিয়ে দীর্ঘদিন থেকে তামিমের সঙ্গে মিউজিক্যাল চেয়ার খেলছেন মুশফিক। একবার তামিম তো আরেকবার মুশফিক এই রেকর্ডটি নিজের দখলে নিয়ে নেন। সাকিব আল হাসান ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের মালিকানা নিয়ে তামিমের সঙ্গে এক সময় লড়াই করলেও অনিয়মিত টেস্ট খেলায় এই রেকর্ডে সাকিব পিছিয়ে পড়েছেন আগেই।

চট্টগ্রাম টেস্ট শুরুর আগে বাংলাদেশের পক্ষে ৮১ টেস্টে ৪৯৩২ রান ছিল মুশফিকের। অন্যদিকে তামিম ইকবালের মোট টেস্ট রান ছিল  ৬৫ টেস্টে ৪৮৪৮। রেকর্ডটি নিজের করে নিতে তামিমের দরকার ছিল ৮৫ রান।

সাগরিকায় গতকাল দিন শেষে ৩৫ রানে অপরাজিত থাকা তামিম আজ সকালেই তুলে নেন ক্যারিয়ারের ৩২তম অর্ধশতক। তবে  তামিম থামেননি সেখানেই। দেখেশুনে খেলেছেন। তবে বাজে বল পেলে সাজা দিতেও ভুল করেননি এই ড্যাশিং ওপেনার। রমেশ মেন্ডিসের ওভারে চার মেরে অর্ধশতক পূরণ করেন তামিম। তার কিছুক্ষণ পরেই বাংলাদেশের ইনিংস ছোঁয় শতরানের ঘর। দীর্ঘ পাঁচ বছর পর টেস্টে শতরানের ওপেনিং পার্টনারশিপ পেল বাংলাদেশ।সর্বশেষ ২০১৭ সালে গলে এই শ্রীলঙ্কার বিপক্ষেই ওপেনিং জুটিতে ১১৮ রান তুলেছিলেন সৌম্য সরকার ও তামিম।

এরপর ৮৫ রানে পৌঁছে তামিম ছাড়িয়ে যান মুশফিককে। ৬৬ টেস্টে তামিমের সংগ্রহ ৪৯৩৬। বাংলাদেশের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি রান এখন তামিমের।  ৪৯৩২ রান নিয়ে দুইয়ে মুশফিক। ৫৯ টেস্টে সাকিব আল হাসানের সংগ্রহ ৪০২৯ রান। ৫০ টেস্টে ৩০২৬ রান করেছেন হাবিবুল বাশার।

এদিকে তামিমের পর অর্ধশতকের দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। দক্ষিণ আফ্রিকা সফরে ডারবান টেস্টে সেঞ্চুরি পাওয়া জয় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে পেলেন অর্ধশতকের দেখা। এটি জয়ের ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক।

এই রিপোর্ট লেখাকালীন সময়ে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৬২।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status