টিকা নিতে এসে হত্যা মামলায় আটক সপ্তম শ্রেণির শিক্ষার্থী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 15 February, 2022, 7:51 PM
টিকা নিতে এসে হত্যা মামলায় আটক সপ্তম শ্রেণির শিক্ষার্থী
করোনার টিকা নিতে এসেছে পুশিলের জালে আটক হয়েছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। পরে তাকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় থানায়। এই ঘটনা নেত্রকোনার মদনের। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে টিকা নিয়ে আটক হয় বাবু মিয়া নামে ঐ শিক্ষার্থী।
জানা যায়, ঐ শিক্ষার্থী একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদ পেয়ে স্বাস্থ্যকেন্দ্র থেকে তাকে আটক করে পুলিশ।
বাবু উপজেলার বালালী গ্রামের মৃত আব্দুল গণি বেচু মিয়ার ছেলে। সে বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০২০ সালে বালালী গ্রামের সুমন মিয়া মদন স্বাস্থ্যকেন্দ্রে তার অসুস্থ খালাকে দেখতে গেলে বাবুর লোকজন তাকে চুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় সুমনের বড় ভাই পলাশ মিয়া ১৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
এ মামলার জের ধরে বাবুসহ তার দলের লোকজন পলাশের পরিবারকে বিভিন্ন সময় হুমকি দেয়। এ ব্যাপারে পলাশ বাদী হয়ে বাবুসহ ১৮ জনকে আসামি করে ১০৭ ধারায় আরেকটি মামলা করেন। বাবু এ মামলা হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে কোর্ট থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরই প্রেক্ষিতে টিকার ডোজ নিতে আসলে তাকে গ্রেফতার করা হয়।