দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন রোজালিন দীপান্বিতা মার্টিন। আলোচনায় আসেন আবু শাহেদ ইমন পরিচালিত নাটক ‘গোল্ডেন এ প্লাস’-এর মাধ্যমে। এবার ‘গোর’ সিনেমায় অনবদ্য অভিনয়ে জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।
মঙ্গলবার ২৭ বিভাগে ২০২০ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা যায়, শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ২০২০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অভিনেত্রী পুরস্কার পেয়েছেন রোজালিন দীপান্বিতা মার্টিন।
২০১৮ সালে চারুনীড়ম কাহিনিচিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন অভিনয়শিল্পী দীপান্বিতা মার্টিন। এবার পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনুভূতি নিয়ে জানতে চাইলে দীপান্বিতা বলেন, এটি আমার কাজের স্বীকৃতি। খুবই উচ্ছ্বাসের খবর। আমার অনেক রকমের অনেক চরিত্র করা বাকি। আগামী দিনগুলোতে আরও ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে চাই।
ছোটবেলা থেকেই মঞ্চে কাজ করছেন। চরিত্রঅভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রি কি আপনাকে যথাযথ মূল্যায়ন করতে পেরেছে? প্রশ্নের জবাবে দীপান্বিতা বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, একজন ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে আমার যে যে চরিত্রগুলোতে কাজ করবার ক্ষমতা রয়েছে, যোগ্যতা রয়েছে, সে ধরণের চরিত্র আমাকে অনেকসময়ই দেওয়া হয়না। তার কারণ হিসেবে আমাকে বলা হয়, আপনাকে নিয়ে করলে চ্যানেল এটা চালাবে না। এটা আমার জন্য বড় রকমের একটা কষ্ট হয়েই ধরা দেয়।
দর্শকদের ভালোবাসা প্রসঙ্গে তিনি বলেন, দর্শকের কাছ থেকে আমি কী পেয়েছি সেটা বলতে গেলে বলবো, তাদের ভালোবাসার জন্যই বোধহয় বাংলাদেশে আমি অভিনয়টাই এখনো করি। আরও অনেক কাজ রয়েছে যেগুলো করলে আমি আর্থিকভাবে, সামাজিকভাবে আরও ভালো অবস্থানে থাকতে পারতাম।
২০২০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত করেছে ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’ সিনেমা। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী) ও অপর্ণা ঘোষ (গণ্ডি)। খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন মিশা সওদাগর (বীর)।