ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
মধ্যরাতে উত্তরার বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 19 November, 2026, 1:17 PM

মধ্যরাতে উত্তরার বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

মধ্যরাতে উত্তরার বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে বাসার সামনে পুলিশ উপস্থিত হলে একাধিকবার ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন তিনি এবং নিজের হাতে হাতকড়া না পরানোর অনুরোধ জানান।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি ভবনের ফ্ল্যাট থেকে জ্যোতিকা জ্যোতিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেননি এই কর্মকর্তা। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে।

পুলিশ যাওয়ার পর ফেসবুক লাইভে জ্যোতিকা জ্যোতি দাবি করেন, কেন তাঁকে আটক করা হচ্ছে তা তিনি জানেন না এবং বিনা ওয়ারেন্টে পুলিশ তাঁর বাসায় এসেছে। তিনি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন। একপর্যায়ে তিনি বলেন, ‘আমাকে ফোন করলে থানা কিংবা ডিবি অফিসে নিজেই যেতাম। তবে আমার হাতে হাতকড়া পরাবেন না। আমি আপনাদের সঙ্গে যাচ্ছি।’ লাইভের শেষ দিকে মা-বাবাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমি ভয় পাচ্ছি না। বাবা-মা, তোমরা ভয় পেয়ো না।’

‘আলো আসবেই’ গ্রুপ বিতর্ক ও শিল্পকলা থেকে অব্যাহতি
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের সেপ্টেম্বরে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্যের কারণে ওই গ্রুপ নিয়ে ব্যাপক সমালোচনা হয় এবং সদস্যদের তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও আসে। যদিও সে সময় লাইভে এসে তিনি দাবি করেছিলেন, গ্রুপটির উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা নয় এবং তিনি কেবল ঢাকার পরিস্থিতি সম্পর্কে তথ্য জানাতেন।

২০২৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন জ্যোতি। সরকার পরিবর্তনের পর ১৭ সেপ্টেম্বর তিনি কর্মস্থলে গেলে ‘আলো আসবেই’ গ্রুপে যুক্ত থাকা ও আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থানের অভিযোগে সহকর্মীদের একাংশের প্রতিবাদের মুখে পড়েন এবং একপর্যায়ে সেখান থেকে চলে যান। পরে ৩০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

এ ছাড়া ২০২৬ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি সংগঠন অভিযোগ জমা দেয়, যার তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল। তবে ওই অভিযোগের সঙ্গে বর্তমান গ্রেপ্তারের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

২০০৪ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন ময়মনসিংহের গৌরীপুরের জ্যোতিকা জ্যোতি। দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি টেলিভিশন নাটকের পাশাপাশি ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলি’, ‘অনিল বাগচীর একদিন’, ‘মায়া: দ্য লস্ট মাদার’ ও ‘লাল মোরগের ঝুঁটি’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত কলকাতার ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ সিনেমায় ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status