কুমিল্লার মেঘনা উপজেলায় জজ মিয়া নামের এক প্রবাসীকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মানিকারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মো. জাকির হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় জসিম উদ্দিন, সোহাগ ও মনির হোসেন নামের তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল রোববার কুমিল্লার ৩ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন রিমা আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক সালাউদ্দিন দৈনিক আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের দিন মানিকারচর ইউনিয়নের আলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের সঙ্গে আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। ওই সময় শাওন নামে একজন নিহত হন এবং জজ মিয়া নামের এক সৌদি প্রবাসী গুরুতর আহত হন।
এ ঘটনায় তার ভাই আবু সায়েদ বাদী হয়ে কুমিল্লার আমলি আদালতে মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনসহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন। আদালত মামলাটি মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রেকর্ড করতে নির্দেশ দেন।
মেঘনা থানায় গত ৩ ডিসেম্বর মামলাটি রেকর্ড করা হয়। গত ৬ ডিসেম্বর অভিযুক্ত জাকির হোসেনসহ অন্য আসামিরা উচ্চ আদালতে জামিন চান। উচ্চ আদালত তাদের দুই সপ্তাহের আগাম জামিন দেন এবং নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
গতকাল রোববার নিম্ন আদালতে পাঁচ আসামি আত্মসমর্পণ করলে জাকির হোসেনসহ চারজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।