ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন কোহলি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 January, 2022, 8:06 PM

ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন কোহলি

ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন কোহলি

টি-২০র পর এ বার টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব থেকেও সরে গেলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ হারের পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার।

এক বিবৃতিতে কোহলি লিখেছেন, ‘গত সাত বছর ধরে প্রতিদিন কঠোর পরিশ্রম, একটানা ধৈর্য দেখিয়ে দলকে একটা সঠিক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। সম্পূর্ণ সততার সঙ্গে এই কাজ করেছি এবং কিছু বাদ রাখিনি। কোনো একটা স্তরে এসে সবকিছুই একসময় থেমে যায় এবং টেস্ট দলের অধিনায়ক হিসেবে, আমার কাছেও এটাই থেমে যাওয়ার সময়।’

কোহলির সংযোজন, ‘এই যাত্রাপথে অনেক উত্থান এবং কিছু পতন হয়েছে। কিন্তু কখনোই চেষ্টা বা বিশ্বাসের খামতি থাকেনি। যা-ই করি না কেন, বরাবর নিজের ১২০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। যদি সেটা না পারি, তা হলে আমি জানি এটা সঠিক কাজ নয়। দলের প্রতি অসৎ হতে পারব না।’

আলাদা করে কোহলির বিবৃতিতে উঠে এসেছে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর কথা। কোহলি লিখেছেন, ‘রবি শাস্ত্রী এবং বাকি সাপোর্ট স্টাফদের প্রশংসা প্রাপ্য। ভারতীয় দল যেভাবে একটা গাড়ির মতো ধারাবাহিকভাবে উপরে উঠে এসেছে, সেই গাড়ির ইঞ্জিন ছিলেন তারা। আমার দর্শনকে সত্যি করার জন্য আপনাদের ভূমিকা অসামান্য।’

তবে কোহলির বিবৃতিতে সব থেকে বেশি ধন্যবাদ পেয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। কোহলি একদম শেষে লিখেছেন, ‘এমএস ধোনিকে সব থেকে বেশি ধন্যবাদ আমাকে অধিনায়ক হিসেবে যোগ্য মনে করার জন্য। ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই বিশ্বাস ধোনির ছিল।’

উল্লেখ্য, ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে প্রথমবার টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন কোহলি। প্রথম টেস্টে ধোনির চোট থাকায় কোহলি অধিনায়কের দায়িত্ব সামলান। সেই সিরিজেরই তৃতীয় টেস্টে অবসর ঘোষণা করেন ধোনি। ফলে শেষ টেস্টেও কোহলিকে নেতৃত্ব দিতে দেখা যায়। তারপর থেকেই তিনি একটা ভারতের টেস্ট দলের অধিনায়ক।

তবে ইদানীং চাপ বাড়ছিল কোহলির উপর। টি-২০ ফরম্যাটে নিজে থেকেই নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর একদিনের ক্রিকেটে অধিনায়কের পদ থেকে তাকে সরিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং কোহলির তর্ক ও দোষারোপ দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছিল। দক্ষিণ আফ্রিকা সিরিজ হারতেই কোহলি সরে গেলেন টেস্ট ক্রিকেট থেকেও।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status