ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
পরিচয় ভুলে ৬০ বছর বয়সে হয়েছেন মডেল, ভাঙছেন সৌন্দর্যের প্রথা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 January, 2022, 6:07 PM

পরিচয় ভুলে ৬০ বছর বয়সে হয়েছেন মডেল, ভাঙছেন সৌন্দর্যের প্রথা

পরিচয় ভুলে ৬০ বছর বয়সে হয়েছেন মডেল, ভাঙছেন সৌন্দর্যের প্রথা

লিন স্লেটার। সাধারণ মানুষের কাছে নামটি অচেনা হলেও ফ্যাশন মডেলিংয়ের জগতে খুব পরিচিত। ইচ্ছে করে মডেলিংয়ের দুনিয়ায় পা রাখেননি আমেরিকার নিউইয়র্কের বাসিন্দা লিন স্লেটার। হঠাৎ করেই ফ্যাশন জগতে আসেন তিনি। এ জগতে এসেই বহু প্রচলিত ধারণা ভেঙে দিয়েছেন ৬৮ বছরের এই নারী।

ফ্যাশন মডেলিং ছাড়াও নিউইয়র্কের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ের সমাজসেবা এবং আইনের অধ্যাপক লিন একজন সমাজকর্মী।

জীবন বদলে যাওয়ার  সেই দিনটি এখনো স্পষ্ট মনে রেখেছেন লিন। ২০১৪ সালের সেপ্টেম্বর মাস। নিউইয়র্কের অভিজাত ম্যানহাটন এলাকায় এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন তিনি। সে সময় হঠাৎ করেই জীবন পাল্টে যায় তার।

ঐ সময় ফ্যাশন উইকের অঙ্গ হিসেবে ম্যানহাটনের লিঙ্কন সেন্টারের একটি শো চলছিল। বন্ধুকে নিয়ে তা দেখতেই তার জন্য রাস্তায় অপেক্ষা করছিলেন লিন। তবে শো দেখতে আসা বিদেশি ফটোগ্রাফাররা লিনকে দেখা মাত্রই তার ছবি তুলতে শুরু করেন। লিনকে দেখে তারা ভেবেছিলেন, নিশ্চয়ই তিনি ফ্যাশন জগতের কোনো ব্যক্তি। তখন লিনের বয়স ষাট পেরিয়ে গিয়েছিল।

লিনের ওপর ক্যামেরার ঝলকানি দেখে নিউইয়র্কে বেড়াতে আসা লোকজনও তার ছবি তুলতে শুরু করেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি লিনকে। পরিচয়ের ভুলে রাতারাতি ফ্যাশন মডেল হয়ে যান ষাটোর্ধ লিন। বদলে যায় তার জীবনও। তবে সাফল্যের এ জীবনে নিজের গুনাগুন ঢেলেছেন তিনি।

২০১৪ সালের সেপ্টেম্বরে ঐ ঘটনার আগে থেকেই ফ্যাশন নিয়ে একটি ব্লগ লেখা শুরু করেছিলেন লিন। তবে ফ্যাশন জগতে থাকার ইচ্ছেই ছিল না তার। বরং কর্মজীবন শেষে একটা বই লেখার ইচ্ছে ছিল।

কিন্তু ২০১৪ সালের সেপ্টেম্বরের ঐ ঘটনার পর ফ্যাশন পত্রিকা জুড়ে দেখা যায় শুধু লিনের ছবি। এর এক মাস পর লিন জায়গা করে নেন বিশ্ববন্দিত ‘ডাউনটাউন ম্যাগাজিন’-এ।  স্বাভাবিক ভাবেই এতে লিনের ব্লগের পাঠক সংখ্যাও বেড়ে গিয়েছিল।

ফ্যাশন নিয়ে গতেবাঁধা ধারণা থেকে বেরিয়ে লিন দিয়েছেন সৌন্দর্যের নতুন সংজ্ঞা। তার মতে, ফ্যাশনে পোশাকআশাক  নিজেকে প্রকাশ করার একটি মাধ্যম মাত্র। ফ্যাশন মডেল বলতেই যে কম বয়সী ‘সুন্দরী’র চেহারা ভেসে ওঠে, তাতেও হানা দিয়েছে লিনের বলিরেখা ভরা মুখ। পাকা চুলের এই বৃদ্ধার মুখে ঢাউস আকারের ভারী রোদ চশমাও তাতে নতুন মাত্রা যোগ করেছে।

নিজের বয়সকে লুকিয়ে রাখতে চাননি লিন। রূপটানের পরত চাপিয়ে ‘সুন্দরী’ হওয়ার চেষ্টাও করেননি। বরং নিজের শরীর, তা সে যেমনই হোক না কেন, তাকে ফ্যাশন মডেল হিসেবে মেলে ধরেছেন। প্রতিটি দেহমনই যে সুন্দর— বহুচর্চিত এ ধারণাকে নিজের মতো করে বলতে চেয়েছেন লিন।

লিনের বয়সে অনেকেই অবসরের আনন্দ উপভোগ করেন, সে বয়সেই ফ্যাশন মডেলিংয়ের দুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। ইনস্টাগ্রামে এখনো পর্যন্ত তার ৭ লক্ষ ৫৯ হাজারের বেশি ‘ফলোয়ার’-এরমধ্যে অনেকেই কমবয়সী। তাদের অনেকে আবার লিনের মতো ‘কুল’ হতে চান। লিনের কথায়, কমবয়সীরা বার্ধক্যের ধারণাকে অস্বীকার করেন না। তারা এমন ভাবে বুড়ো হতে চান না, যা যুগ যুগ ধরে তাদের মনে গেঁথে দেওয়া হয়েছে।

ফ্যাশন মডেল হিসেবে এ ভাবেই নিজের ‘নিয়ম’ চালু করেছেন লিন। প্রথাগত নয়, বরং নিময়হীনতাই যেন লিনের জগতে নতুন নিয়ম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status