|
পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
নতুন সময় ডেস্ক
|
![]() পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? গতকাল শুক্রবার রাতে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলার সময় পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন পড়ে। পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ ওয়ারশতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র দুটি নোভি লিপোভিয়েক ও রুদনিক নাদ সানেম এলাকায় এবং জেটচালিত ড্রোনটি মলোদিচ এলাকায় পড়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ইউরোপীয় সেনাদের সামরিক মহড়াস্থল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে আঘাত হানে। একটি খ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে পড়ে। আর ড্রোনটি সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ওই রাতেই ইউক্রেনে ব্যাপক হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া ৪০০টির বেশি ড্রোন ও অন্তত ১১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ২৭টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এসব হামলায় অন্তত আটজন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, তাদের ধারণা, রাশিয়া ইচ্ছাকৃতভাবে এ উসকানি দিয়েছে। পোল্যান্ডে ইউরোপের ১১টি দেশের সেনাদের সামরিক মহড়ার সঙ্গে মিল রেখেই এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে মনে করছেন তিনি। গত ৯ নভেম্বর পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে দুই সপ্তাহের এ সামরিক মহড়া শুরু হয়। ইউক্রেন যুদ্ধ-পরবর্তী সময়ে দেশটিতে স্থিতিশীলতা বজায় রাখা এবং সামরিক সক্ষমতা পুনর্গঠনে সহায়তার সম্ভাব্য প্রস্তুতির অংশ হিসেবে এ মহড়ার আয়োজন করা হয়েছে। ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের ক্লিনটন ইনস্টিটিউটের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক স্কট লুকাস আল-জাজিরাকে বলেন, রাশিয়ার এ ধরনের কর্মকাণ্ড কয়েক মাস ধরে চলা একটি ধারাবাহিকতার অংশ। ন্যাটো কীভাবে প্রতিক্রিয়া জানায়, তা যাচাই করতেই রাশিয়া বিভিন্ন সময়ে সদস্যদেশগুলোর আকাশসীমায় ড্রোন ও যুদ্ধবিমান পাঠাচ্ছে। ভূরাজনীতি বিশ্লেষক হ্যারি নেদেলকুর মতে, পোল্যান্ড ছাড়াও রোমানিয়া এবং ন্যাটোর সদস্য নয় এমন মলদোভার আকাশসীমায় রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনা ঘটেছে। তার মতে, ইউক্রেনকে ন্যাটোর সদস্য হওয়া থেকে বিরত রাখা এবং জোটটির ঐক্য দুর্বল করা রাশিয়ার অন্যতম লক্ষ্য। ন্যাটোর প্রতিক্রিয়া ন্যাটোর মহাসচিব মার্ক রুটে পোল্যান্ডের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রবেশের ঘটনাকে গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ঘটনাটি স্পষ্টতই বিপজ্জনক এবং ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের পরিণতি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ঘটনাটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেছেন। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ও একে রাশিয়ার চলমান উসকানির আরেকটি উদাহরণ বলে উল্লেখ করেছে। এদিকে পোল্যান্ড ন্যাটোর পূর্বাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা কার্যক্রম ‘ইস্টার্ন সেন্ট্রি’র আওতায় আরও সহায়তা চেয়েছে। অতিরিক্ত আকাশ নজরদারি বিমানসহ বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন। তবে পোল্যান্ড এখনো ন্যাটোর ৪ নম্বর অনুচ্ছেদ সক্রিয় করার আবেদন করেনি। এ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সদস্যদেশের নিরাপত্তা বা আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে জোটের সদস্যরা জরুরি আলোচনায় বসতে পারে। ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদ কি সক্রিয় হবে? ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, জোটের কোনো একটি সদস্যদেশের ওপর সশস্ত্র হামলাকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হয়। তবে কোনো ঘটনায় এ অনুচ্ছেদ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় না। এটি সক্রিয় করার জন্য জোটের সদস্যদের রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন। বিশ্লেষকদের ধারণা, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনায় আপাতত ৫ নম্বর অনুচ্ছেদ সক্রিয় হওয়ার সম্ভাবনা কম। কারণ, ন্যাটো একদিকে ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে চায়, অন্যদিকে রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়ানো এড়াতে চায়। অধ্যাপক স্কট লুকাস বলেন, ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদ সক্রিয় করার ক্ষেত্রে একটি উচ্চমাত্রার সীমা রয়েছে। পোল্যান্ডের ওপর রাশিয়ার ধারাবাহিক ও বড় ধরনের হামলা হলে এ অনুচ্ছেদ কার্যকরের পরিস্থিতি তৈরি হতে পারে। উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে রাশিয়ার ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশের পর দেশটি ন্যাটোর ৪ নম্বর অনুচ্ছেদ সক্রিয় করেছিল। যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা কতটা বিশ্লেষকদের মতে, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনায় রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা এখনই কম। তবে সাইবার হামলা, অপতথ্য ছড়ানো এবং বিভিন্ন ধরনের পরোক্ষ তৎপরতা বাড়তে পারে। স্কট লুকাস বলেন, রাশিয়ার সরাসরি হামলার চেয়ে এ মুহূর্তে বড় উদ্বেগের বিষয় হলো ছায়াযুদ্ধ বা হাইব্রিড যুদ্ধের বিস্তার। তবে ভুল হিসাব বা অনিচ্ছাকৃত কোনো ঘটনার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। অন্যদিকে হ্যারি নেদেলকুর আশঙ্কা, ন্যাটোর প্রতিক্রিয়া যথেষ্ট কঠোর না হলে রাশিয়া ভবিষ্যতেও জোটটির সীমা পরীক্ষা করে দেখতে পারে। এদিকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে স্থলভাগের লড়াইয়ের তুলনায় আকাশপথে হামলার তীব্রতা বাড়ছে। রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো, পানি সরবরাহব্যবস্থা, সেতু, রেলপথ ও যোগাযোগব্যবস্থাকে লক্ষ্যবস্তু করছে। এর ফলে দেশটির বেসামরিক জনগণের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। সব মিলিয়ে পোল্যান্ডের ভূখণ্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন পড়ার ঘটনা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে আলোচনায় এনেছে। তবে ন্যাটো এখনই সরাসরি সামরিক সংঘাতে না গিয়ে প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার এবং কূটনৈতিক চাপ বজায় রাখার পথেই এগোতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
