ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩
ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিলেন মা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 20 September, 2021, 5:12 PM

ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিলেন মা

ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিলেন মা

ছাব্বিশ বছর বয়সী ছেলে ইউনুস আলী রিপন। বিপদে আপদে তিনি যেন সবার সঙ্গী। সেই প্রাণবন্ত রিপন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দিনের পর দিন অসুখ যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। এভাবে করে কেটে যায় সাত মাস।

চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর জানালেন তার দুটি কিডনি বিকল। এ অবস্থায় আকাশ যেন মাথায় ভেঙে পড়ে রিপনের পরিবারে। কে দেবে আশা, কে দেবে ভরসা? একমাত্র ছেলের এ অবস্থায় কঠিন পরীক্ষার মুখোমুখি হয় পুরো পরিবার।

রিপনের জন্য বোন, স্ত্রী, এমনকি আত্মীয়-স্বজন ও পাড়াপ্রতিবেশী কারো কাছ থেকে কিডনি পাওয়া যায় না। অবশেষে সন্তানের মুখে হাসি ফোটাতে নিজের শেষ সম্বল ভিটে-বাড়িটুকু বিক্রির সিদ্ধান্ত নেন তার বাবা আব্দুর রশিদ। জমিজমা কিনতে আগ্রহী কয়েকজনের সঙ্গে কথাবার্তাও হয়। ভিটেবাড়ি বিক্রির টাকা দিয়ে সন্তানকে বাঁচাতে কিডনি কেনার সিদ্ধান্ত নেন। কিন্তু বাধ সাধেন রিপনের গর্ভধারিনী মা রীনা বেগম।

মায়ের ব্যাকুল মন যেন কিছুতেই ভরসা খুঁজে পাচ্ছিলেন না। তাই গর্ভধারিণী মা ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন। অবশেষে সেই মায়ের কিডনি মৃত্যশয্যায় থাকা ছেলের শরীরে প্রতিস্থাপন করা হয়। এখন চোখ মেলে ছেলে দেখছেন মা তার পাশে। ছেলের হাসিমাখা মুখের জন্য মায়ের অগাধ এ ভালোবাসার কথা এখন সোশ্যাল মিডিয়ায় ভাসছে।

রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের উত্তর তাম্বুলপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সেখানকার বাসিন্দা আব্দুর রশিদ ও রীনা বেগম দম্পতির ছেলে ইউনুস আলী রিপন। তিনি পেশায় পুলিশ সদস্য। সম্প্রতি দুই কিডনি বিকল হয়ে মৃত্যুশয্যায় থাকা অসুস্থ ছেলেকে বাঁচাতে কিডনি দিয়েছেন তার মা।

জানা গেছে, ১০ সেপ্টেম্বর (শুক্রবার) ঢাকার সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে অস্ত্রোপচার করে মায়ের কিডনি ছেলের শরীর প্রতিস্থাপন করেন চিকিৎসক অধ্যাপক কামরুল ইসলাম। বর্তমানে মা ও ছেলে সুস্থ রয়েছেন বলে জানিয়েছে তাদের স্বজনেরা।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রসংশায় ভাসতে থাকেন মা রীনা বেগম। এমন মাকে নিয়ে গর্ভবোধ করছেন সবাই। গ্রাম থেকে শহরে সবার মুখে মুখে ছেলের জন্য মায়ের এ অগাধ ভালোবাসার কথা।  

রিপনের চাচা আহসান হাবিব জানান, ছয় সাত মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিপন। পরে চিকিৎসকের শরনাপন্ন হলে কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়। সব পরীক্ষা-নিরীক্ষা করার পর জানা যায় তার দুটি কিডনি বিকল হয়ে গেছে। অনেক চেষ্টা করে কোথাও কিডনি পাওয়া যায়নি। পরে রিপনের মা নিজেই ছেলেকে কিডনি দিয়ে বাঁচাতে এগিয়ে আসেন। বর্তমানে মা ও ছেলে দুইজনই ঢাকায় হাসপাতালে আছেন। পুরোপুরি সুস্থ হলে তারা গ্রামে ফিরবেন।

উত্তর তাম্বুলপুর গ্রামের যুবক আলমগীর হোসেন জানান, পুলিশ সদস্য হিসেবে চাকরিতে যোগদানের আগে থেকেই সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল রিপনের। পীরগাছা সরকারি কলেজে পড়ালেখার পাশাপাশি পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি করেন। তাম্বুলপুর ইউনিয়নের ওয়ার্ড ছাত্রলীগের সভাপতিও ছিলেন রিপন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status