|
আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
|
আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নে স্বচ্ছ প্রক্রিয়ায় সার ডিলারশিপ নিয়োগের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও ঘুষ লেনদেনের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নবনিযুক্ত ডিলার মো. এনামুল ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার শৈলমারী বাজারে ‘মেসার্স এনামুল এন্টারপ্রাইজ’-এর উদ্যোগে এ প্রতিবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে মো. এনামুল ইসলাম বলেন, প্রতিপক্ষ আহমেদ শিকদার সংবাদ সম্মেলন করে তাঁর প্রতিষ্ঠান ‘মেসার্স এনামুল এন্টারপ্রাইজ’-এর বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলেছেন। মূলত ডিলারশিপ না পেয়ে প্রতিহিংসাবশত তিনি এসব মিথ্যাচার করছেন। অভিযোগের জবাবে এনামুল ইসলাম জানান, তাঁকে নিয়ে রাজনৈতিক পরিচয়ের যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং স্থানীয়ভাবে বিষয়টি সবার জানা। ব্যবসায়িক যোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’-এর সব শর্ত মেনেই তিনি আবেদন করেছেন। স্থানীয় কৃষি অফিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) সার ও কীটনাশক সংক্রান্ত একাধিক অভিজ্ঞতা সনদ তাঁর রয়েছে, যা ইউনিয়নের অন্য কোনো আবেদনকারীর নেই। মিথ্যাচার ও মানহানির প্রতিবাদ জানিয়ে এনামুল ইসলাম প্রচলিত আইনে মানহানির মামলা করার প্রস্তুতির কথা জানান। একই সঙ্গে বুড়াইচ ইউনিয়নের কৃষকদের মাঝে সরকারি ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন এবং সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
