বায়ুদূষণ রোধে নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ফনকুল ও ফুলহর এলাকার দুটি ইটভাটাকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ইটভাটা দুটির সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বন্দর উপজেলার ফনকুল ও ফুলহর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বন্দরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা, বন্দর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে গঠিত একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।
অভিযান সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫(২) ধারা অনুযায়ী দুটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ফনকুলের লক্ষণখোলা এলাকায় অবস্থিত মেসার্স চাচা ভাতিজা ব্রিকস (পিবিএম) নামের ইটভাটাকে এক লাখ টাকা এবং ফুলহরের মদনপুর এলাকায় অবস্থিত মেসার্স এএইচবি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
তবে শুধু জরিমানা আদায় নয়, ইটভাটা দুটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার জন্যও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কলকারখানা এবং বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম রাসেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।