ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
অবরোধের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট, চিকিৎসাসেবা ও স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার অভিযোগ
সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহারের দাবি, জনদুর্ভোগ নিয়ে হেডম্যান-কারবারিদের সংবাদ সম্মেলন
ভুবন ত্রিপুরা, সাজেক
প্রকাশ: Wednesday, 25 November, 2026, 4:24 PM

সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহারের দাবি, জনদুর্ভোগ নিয়ে হেডম্যান-কারবারিদের সংবাদ সম্মেলন

সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহারের দাবি, জনদুর্ভোগ নিয়ে হেডম্যান-কারবারিদের সংবাদ সম্মেলন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধের কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসন, স্বাভাবিক যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের জীবনযাত্রা সচল রাখার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত সাজেকের দাড়িপাড়া এলাকায় স্থানীয় বিভিন্ন হেডম্যান, কারবারি, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আনুমানিক ১০০ থেকে ১২০ জন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

৩৬ নং সাজেক ইউপি চেয়ারম্যান বাবু অতুলাল চাকমা সংবাদ সম্মেলনে প্রদান অতিথির বক্তব্যে বলেন,সাজেক ইউনিয়নে ইউপিডিএফ (প্রসীত) সমর্থিত সাজেক গণঅধিকার রক্ষা কমিটির উদ্যোগে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়। একই সঙ্গে অবরোধ প্রত্যাহার করে সাজেকের সড়ক যোগাযোগ স্বাভাবিক করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর সরবরাহ নিশ্চিত করা এবং চলমান সংকটের দ্রুত ও কার্যকর সমাধানের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ৪ নং ওয়ার্ডের মেম্বার পরিচয় চাকমা বলেন, সাজেক এলাকায় ৫০টিরও বেশি গ্রাম রয়েছে। এসব গ্রামে হাজার হাজার মানুষের বসবাস। তাঁদের অধিকাংশই গঙ্গারাম বাজার বা উজোবাজার, মাচালং বাজারসহ বিভিন্ন ছোট-বড় বাজার ও দোকানপাটের ওপর নির্ভরশীল। নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, জরুরি ওষুধসহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পণ্য সংগ্রহের প্রধান মাধ্যম এসব বাজার। কিন্তু দীর্ঘদিন ধরে সড়ক অবরোধ চলতে থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন।

বক্তব্যে আরও উল্লেখ করা হয়, সড়ক অবরোধের কারণে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, পণ্য পরিবহন ও সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেকেই প্রয়োজনীয় পণ্য কেনাবেচা করতে পারছেন না। জরুরি চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর ও নিম্ন আয়ের পরিবারগুলো।

লিখিত বক্তব্যে উদয়ন চাকমা কারবারের উদয়পুর জানান, গত ৭ নভেম্বর সাজেকে উপযুক্ত চিকিৎসার অভাবে ওয়ারেন্টি ত্রিপুরা (২৬) নামে এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা এবং ১১ নভেম্বর সাজেক বনানী বৌদ্ধ বিহারের সামনে ইউপিডিএফের কর্মীসহ ১১ জন ব্যক্তির ১১টি মোটরসাইকেলের টায়ার কেটে দেওয়ার ঘটনার কথাও উল্লেখ করেন। এসব ঘটনাকে চলমান অবরোধ পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট জননিরাপত্তা ও জনদুর্ভোগের উদ্বেগ হিসেবে তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সড়ক অবরোধের নামে সাধারণ মানুষকে জোরপূর্বক অংশগ্রহণে বাধ্য করা হচ্ছে। নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন এলাকার বাসিন্দাদের পিকেটিং ও সড়ক অবরোধে অংশ নিতে চাপ প্রয়োগ করা হচ্ছে। কেউ অংশগ্রহণে অনিচ্ছা প্রকাশ করলে তাঁদের ভয়ভীতি প্রদর্শন, ছবি ও ভিডিও ধারণ এবং সামাজিকভাবে হেয় করার অভিযোগও বক্তব্যে তুলে ধরা হয়।

এদিকে সংবাদ সম্মেলনে বাবু তরুণ কান্তি চাকমা সাবেক মেম্বার বলেন যে,চলমান পরিস্থিতি নিরসনে এবং প্রতিবাদে হেডম্যান ও কাবার্রীদের আয়োজনে আজকের এই  সংবাদ সম্মেলন ডাকা হয়।তিনি আরো বলেন এই পরিস্থিতিতে সাজেকের সকল দল মত নির্বিশেষে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে বলা হয়, জেএসএস ও ইউপিডিএফের পারস্পরিক রাজনৈতিক সমস্যা বা দ্বন্দ্বের দায় সাধারণ জনগণের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক বিরোধের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগব্যবস্থা জিম্মি করে রাখা উচিত নয়। সড়ক অবরোধের নামে জনগণকে জোরপূর্বক কোনো দ্বন্দ্ব বা সমস্যার সঙ্গে সম্পৃক্ত করা দায়িত্বশীল আচরণ হতে পারে না।

এ সময় পার্বত্য এলাকার সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় চলমান সড়ক অবরোধ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানানো হয়। পাশাপাশি সাজেকের স্বাভাবিক সড়ক যোগাযোগ পুনরায় চালু, জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত এবং অবরোধের নেপথ্যে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৩৬ নম্বর সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলন চাকমা, শিয়ালদহ মৌজার হেডম্যান জৌপই থাং ত্রিপুরা, ইউপি সদস্য পরিচয় চাকমা,বনবিহারী চাকমাসহ স্থানীয় বিভিন্ন হেডম্যান-কারবারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

বক্তারা বলেন, সাজেকের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চান। রাজনৈতিক বিরোধ ও সাংগঠনিক দ্বন্দ্বের কারণে সাধারণ মানুষের জীবন-জীবিকা, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হোক—এমন পরিস্থিতি তাঁরা চান না। তাই সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি প্রশাসনকে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তাঁরা।

সাজেকবাসীর প্রত্যাশা, রাজনৈতিক বিরোধের অবসান ঘটিয়ে দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে। সড়ক অবরোধের অবসান, নিরাপদ যোগাযোগব্যবস্থা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন জীবনযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষ ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status