মধ্য রাতে শ্বাসরোধে স্বামী-স্ত্রীকে হত্যা, পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 6 September, 2021, 9:07 AM
মধ্য রাতে শ্বাসরোধে স্বামী-স্ত্রীকে হত্যা, পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ
কুমিল্লায় স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর এলাকায় মীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের পুত্রবধূ শিউলী বেগমকে (২৫) জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নিহতরা হলেন, সুবর্ণপুরের পল্লী চিকিৎসক বিল্লাল হোসেন (৭৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৬)। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) কমল কৃষ্ণ ধর।
স্থানীয় সূত্র জানায়, রোববার (৫ সেপ্টেম্বর) রাতে এক দল দুর্বৃত্ত ডা. সৈয়দ বিলাল হোসেনের ঘরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা স্বামী-স্ত্রী দুজনের হাত পা বেঁধে এক পর্যায়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করতে পারেননি পরিবারের সদস্যরা।
পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ধারণা করছি তাদের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। পুলিশসহ পিবিআই ও সিআইডি টিম বিষয়টি তদন্ত করছে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) কমল কৃষ্ণ ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদেরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দুর্বৃত্তদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।