ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন তথা সিএএ প্রসঙ্গ উঠলেই সামনে আসে বিলকিস বেগম ওরফে ‘শাহিনবাগের দাদি’র নাম। পুলিশের চোখ রাঙানি, প্রশাসনের ভ্রুকুটি সত্ত্বেও নিজের অবস্থান থেকে একচুলও নড়েননি অশীতিপর এ বৃদ্ধা।
হার না মানার এই মানসিকতাই তাকে সারা বিশ্বের কাছে আদর্শ করে তুলেছে। এমনকি পর্দার ‘ওয়ান্ডার ওম্যান’ গল গাডটের কাছেও তিনি বাস্তবের আদর্শ। বিলকিস দাদির ছবি শেয়ার করে তাকে ‘ওয়ান্ডার ওম্যান’ আখ্যা দিয়েছেন হলিউড তারকা।
২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। সিক্যুয়েলেও দর্শকদের প্রশংসা পেয়েছেন ইসরায়েলি বংশোদ্ভূত হলিউড তারকা।
বছরের শেষদিন অর্থাৎ ৩১ ডিসেম্বর বিশ্বের এমন নারীদের গাডট সম্মান জানান, যাদের আদর্শ তাকে অনুপ্রাণিত করেছে। তাদের মধ্যেই রয়েছেন বিলকিস দাদি।
সম্প্রতি একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে হলিউড অভিনেত্রী জানান, এই সব অসামান্য নারীদের সঙ্গে তিনি ভবিষ্যতে দেখা করতে চান। তারাই বিশ্বের আসল ‘ওয়ান্ডার ওম্যান’।
শাহিনবাগ ও সাম্প্রতিক কৃষক আন্দোলনের সৌজন্যে টাইমস ম্যাগাজিনের সমীক্ষায় বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকায় রয়েছেন বিলকিস বেগম।
এ দিকে মাস খানেক আগে বিলকিস দাদিকে নিয়ে ‘অশালীন মন্তব্য’ করে বিতর্কিত হন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা এ ঘটনায় প্রতিবাদ জানান।