প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে হত্যা, তরুণের যাবজ্জীবন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 14 December, 2020, 4:49 PM
প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে হত্যা, তরুণের যাবজ্জীবন
খুলনার রূপসায় স্কুলছাত্রী শিমলা খাতুন হত্যা মামলায় রনি হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। আদেশে তিনি বলেন, মামলার শুনানিতে পাওয়া সাক্ষ্যপ্রমাণে আসামির মৃত্যুদণ্ড দেয়া যায়। কিন্তু বয়স কম হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ডিত রনি উপজেলার গোয়াল বাধান এলাকার রবিউল হাওলাদারের ছেলে। রায়ের সময় সে উপস্থিত ছিল।
আদালতের পিপি এনামুল হক জানান, শিমলা রূপসার কাজদিয়া হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। ২০১৬ সালে শিমলাকে প্রেমের প্রস্তাব দেয় আসামি জসিম। এতে রাজি না হলে জসিম ক্ষুব্ধ হয়ে শিমলাকে হত্যার পরিকল্পনা করে। সে অনুযায়ী ওই বছরের ১১ ডিসেম্বর সকালে ক্রিকেট সামগ্রীর ব্যাগে জসিম নিজে ছুরি ও হাঁসুয়া নিয়ে বাসা থেকে বের হয়। পরে রনিকে সঙ্গে নিয়ে রাত সাড়ে ৯টার দিকে শিমলার ওপর আঘাত করে। হত্যা নিশ্চিত করে জসিম ছুরি নিজ বাসার পাশের পুকুরে ফেলে দেয় আর হাঁসুয়া ঘরে রাখে।
রাত সাড়ে ১০টার দিকে গুরুতর অবস্থায় শিমলাকে তার ভাই আকাশ ও প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রূপসা থানায় মামলা করেন শিমলার বাবা সরোয়ার শেখ। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক গোলাম রসুল ২০১৭ সালের ৩০ আগস্ট চার্জশিট দাখিল করেন। আদালতে ২০১৮ সালের ২ জানুয়ারি এ মামলার বিচার শুরু হয়। এ মামলায় ২৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। অপর আসামি জসিম অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আদালতে তার বিচারিক কার্যক্রম চলছে।