রাজকন্যা স্বীকৃতি পাচ্ছেন সাবেক বেলজিয়ান রাজার ‘লাভ চাইল্ড’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 2 October, 2020, 2:56 PM
রাজকন্যা স্বীকৃতি পাচ্ছেন সাবেক বেলজিয়ান রাজার ‘লাভ চাইল্ড’
বেলজিয়ামের সাবেক রাজা আলবার্ট দ্বিতীয়র ‘লাভ চাইল্ড’ ডেলফিন বোয়েল (৫২) অবশেষে দেশটির রাজ পরিবারের স্বীকৃতি, অধিকার ও খেতাব পেতে যাচ্ছেন। দীর্ঘ আইনি লড়াই শেষে এই স্বীকৃতি পাচ্ছেন তিনি। আদালত তাকে রাজকন্যা উপাধি দিতে রাজ পরিবারকে নির্দেশনা দিয়েছেন।
কিং আলবার্টের বিবাহবহির্ভূত সম্পর্কের ফলে জন্ম হয় ডেলফিন বোয়েলের। পিতার স্বীকৃতি পাওয়ায় জন্য এক দশকের বেশি সময় ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে আলবার্ট স্বীকার করেন তিনি বোয়েলের বাবা।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন বলছে, কিং আলবার্ট দ্বিতীয় যখন স্বীকার করেন ডেলফিন বোয়েল তার সন্তান, তখন আদালতের জন্য রায় দেওয়া সহজ হয়ে যায়। রায়ে বলা হয়েছে- বিয়ের পর তার স্ত্রীর মাধ্যমে সাবেক রাজা যে বৈধ সন্তানের বাবা হয়েছে, তেমনি লাভ চাইল্ড বোয়েলকেও বৈধতা দিতে হবে। তাকেও সমান অধিকার ও উপাধি দিতে হবে।
কীভাবে জানা গেল বোয়েলের বাবা আলবার্ট আলবার্ট দ্বিতীয়’র বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল ব্যারোনেস সিবিলে দে সেইলিস লংশ্যাম্পস নামে এক নারীর সঙ্গে। তিনি দাবি করেছেন, ১৮ বছরের সম্পর্ক ছিল তাদের। ১৯৬৬ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তাদের সম্পর্কের মধ্যে জন্ম হয় বোয়েলের। মেয়ের জন্মের সময় সেইলিসের পাশে ছিলেন আলবার্ট।
পরবর্তীতে ১৯৯৯ সালে বিষয়টি প্রথম আলোচনায় আসে। আলবার্টের স্ত্রী রানী পাওলার অননুমোদিত একটি আত্মজীবনীতে উল্লেখ করা হয় বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে পরনারীর গর্ভে জন্মানো সন্তানের বাবা হয়েছেন রাজা। এর ছয় বছর পর বোয়েলই প্রথমবারের মতো দাবি করেন রাজা আলবার্ট তার বাবা।
২০১৩ সালে সিংহাসন ছাড়েন কিং আলবার্ট। এরপর বোয়েলের আইনি লড়াই শুরু হয়। এবার নিজের পক্ষে রায় পেলেন তিনি। বংশ পদমর্যাদা, রাজ পরিবারের স্বীকৃতি, অধিকার ও খেতাবসহ বোয়েল ও তার সন্তানরা ‘স্যাক্সে-কোবার্গ’ রাজকীয় উপাধি বহন করবেন। আর রায় অনুযায়ী কিং আলবার্টের মৃত্যুর পর তার অন্য তিন সন্তান প্রিন্স লরেন্ত, প্রিন্সেস আসত্রিদ ও বর্তমান রাজা ফিলিপের পাশাপাশি উত্তরাধিকারী হবেন বোয়েলও। বিচার নির্বাহের খরচ হিসেবে মেয়েকে ৩৪ লাখ ইউরো পরিশোধ করতে হবে সাবেক রাজা দ্বিতীয় আলবার্টকে। তবে পিতার স্বীকৃতি বাদে রাজ পরিবারের আর কিছু গ্রহণ করতে চান না বোয়েল।