কাগজে-কলমে ইভান র্যাকিটিচ এখন সেভিয়ার ফুটবলার। তবে তাকে এখনো সদ্যসাবেক হওয়া ক্লাব বার্সেলোনা নিয়ে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। সবচেয়ে বেশি প্রশ্নটা হচ্ছে, বার্সা সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে দূরত্বের কারণেই কি তাকে ক্লাব ছাড়তে হয়েছে।
এই মৌসুমেই বার্সা ছেড়ে সাবেক ক্লাব সেভিয়ায় ফিরে গেছেন র্যাকিটিচ। এরপর থেকেই গুঞ্জন, বার্সার দুই তারকা মেসি এবং সুয়ারেজের সঙ্গে সম্পর্ক ভালো না হওয়ায় ক্লাব ছাড়তে হয়েছে তাকে। বাজারে চলমান এই গুঞ্জন নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন র্যাকিটিচ নিজেই। জানিয়েছেন, এ ধরণের গুজবের বাস্তব কোন ভিত্তি নেই।
গণমাধ্যমে এই ক্রোয়াট তারকা বলেন, আমি সবসময়ই গুঞ্জনের বিষয়ে সরাসরি জবাব দিয়েছি। ওদের (মেসি, সুয়ারেজ) সঙ্গে আমার কখনোই খারাপ সম্পর্ক ছিল না। আবার ওরা আমার অন্তরঙ্গ বন্ধুও ছিল না। আমার মনে হয়, ২৩-২৪ জন প্লেয়ার যে দলে থাকে সেখানে বেস্টফ্রেন্ড বানানো মুশকিল। বার্সায় আমার ভালো বন্ধু ছিল ইনিয়েস্তা, স্টেগান, বোয়েটাং এরা। তবে আমি ওদেরকে শ্রদ্ধা করি। তারা ৬ বছর ধরে আমার টিমমেট ছিল এবং দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। ওদের প্রতি সবসময়ই সর্বোচ্চ শ্রদ্ধা ছিল আমার।
র্যাকিটিচ বলেন, পেশাদার সম্পর্ক বজায় রাখলেও, করোনায় বেশ অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয় অনেকের সঙ্গে।
তিনি বলেন, লকডাউনের সময়ে আমরা খুব কাছাকাছি আসি। অনেকটা প্রতিবেশীর মতো। আমি তাদের প্রতি খুব কৃতজ্ঞ যেভাবে তারা আমার সঙ্গে আচরণ করেছে সেজন্য।
বার্সা ছেড়ে এই মৌসুমে সেভিয়ায় যোগ দিয়েছেন ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার। ক্লাবটির জার্সিতে আবারো মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন র্যাকিটিচ।