চীন সরকারের লক্ষ্য, গালওয়ান নদী উপত্যকার অধিকার। এমনটাই মনে করছে নয়াদিল্লি। আর সেখান থেকে তাদের কী ভাবে সরানো যায়, সেটাই এই মুহূর্তে ভারতের সামনে বড় চ্যালেঞ্জ।
ইতিহাস বলছে, এই গালওয়ান উপত্যকা কৌশলগত ভাবে বরাবরই বেইজিংয়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ভারত সেখানে পোস্ট তৈরি করতে চাইলে বাষট্টি সালে সামরিক ভাবে তার প্রতিরোধ করেছিলেন মাও জে দং। কিন্তু কখনও সেই উপত্যকাকে নিজের বলে দাবি করেনি বেইজিং।
সম্প্রতি চিনের ওয়েস্টার্ন কমান্ড ঝাং সুইলি দাবি করেছেন, গালওয়ান নদী উপত্যকায় চীনের সার্বভৌমত্ব রয়েছে। কূটনীতিকদের মতে, এই বক্তব্য, বিপদ সঙ্কেতের মতোই। ভারতীয় ভূখণ্ডের এই উপত্যকার কতটা জুড়ে তাদের নজর রয়েছে, তা এখনও বোঝা যাচ্ছে না। সে ক্ষেত্রে কূটনৈতিক উপায়ে আলোচনার মাধ্যমে তাদের কতটা পিছু হটানো যেতে পারে, সে বিষয়েও সন্দেহ রয়েছে।
সীমান্তবর্তী এলাকার গতিবিধি ও কার্যকলাপকে আড়াল করার জন্য এই এলাকার সামরিক আধিপত্য চায় চীন। এর জের ধরেই এই ভূখণ্ডের মালিকানার দাবি করে গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক যুদ্ধে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে চীন।