করোনা মোকাবিলায় আর্থিক সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 8:04 PM
করোনা মোকাবিলায় আর্থিক সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারকে করোনা ভাইরাস মোকাবিলায় আগামী দুই দিনের মধ্যে আর্থিক সহায়তা প্রদানেরও আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রীর বনানীর বাসভবনে বাংলাদেশে অবস্থিত বিশ্বের ৩০টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে করোনা ভাইরাস নিয়ে এক জরুরি বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদুত আর্ল রবার্ট মিলার এ আশ্বাস দেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে বৈঠকে যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, ইরান, ভারতসহ মোট ৩০টি দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনা ভাইরাসের ফলে বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি করোনা ভাইরাসের কারণে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও পারস্পরিক সম্পর্ক বজায় রেখে এই ভাইরাস মোকাবিলায় একযোগে কাজ করার কথাও বলেন।
এসময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তাদের নিজ নিজ দেশের করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য স্বাস্থ্যমন্ত্রীকে জানান।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদুত আর্ল রবার্ট মিলার করোনা ভাইরাসে নিজ দেশের সর্বশেষ পরিস্থিতি বর্ণনা করে বলেন, এই ভাইরাস মোকাবিলা করতে হলে বাংলাদেশসহ অন্যান্য দেশের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ব্যাবস্থা সচল রাখতে হবে। সবার সহযোগিতা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এসময় বাংলাদেশ সরকারকে করোনা ভাইরাস মোকাবিলায় আগামী দুই দিনের মধ্যে আর্থিক সহায়তা প্রদানেরও আশ্বাস দেন।
চীন, ইরান, দক্ষিণ কোরিয়া, ইতালিসহ আক্রান্ত অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা আদান-প্রদানে পরবর্তী করণীয় বিষয়ে রাষ্ট্রদূতরা স্বাস্থ্যমন্ত্রীকে তাদের অভিমত ব্যক্ত করেন।
স্বাস্থ্যমন্ত্রী এ প্রসঙ্গে উপস্থিত সবাইকে বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হবে বলে জানান।
বিদেশি কূটনীতিক ও আগন্তুকদের সঙ্গে করোনা ভাইরাস নিয়ে কোথায় কিভাবে যোগাযোগ করতে হবে সে বিষয়েও মন্ত্রী সভায় দিক নির্দেশনা দেন।
সভায় উপস্থিত সব রাষ্ট্রদূত এসময় সন্তুষ্টি প্রকাশ করেন এবং একে অপরের সঙ্গে সহযোগিতাপুর্ণ সম্পর্কের ব্যাপারে একমত পোষণ করেন।