প্রকাশ: Sunday, 5 May, 2019, 12:06 PM সর্বশেষ আপডেট: Sunday, 5 May, 2019, 12:14 PM
পদ ছাড়লেন এরশাদ, বিদিশা বললেন ‘আলহামদুলিল্লাহ্’
ছোট ভাই জি এম কাদেরকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন দলটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। এই খবর জেনে আলহামদুলিল্লাহ বলেছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক।
গতকাল শনিবার রাত ১১টা নাগাদ এরশাদ তার বারিধারার বাসভবনে সংবাদ সম্মেলন ডেকে জি এম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার কথা জানান। এ বিষয়ে তিনি একটি সাংগঠনিক নির্দেশনাও প্রকাশ করেন। এর কিছুক্ষণ পরেই বিদিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে এরশাদের সাংগঠনিক নির্দেশনাপত্রের ছবি শেয়ার করে লেখেন, ‘আলহামদুলিল্লাহ্’। তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি তিনি।
উল্লেখ্য, এরশাদ তার সাংগঠনিক নির্দেশনা পত্রে লিখেছেন, ‘আমি হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, আমার অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব আমার ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের এমপি বর্তমান কো-চেয়ারম্যান, জাতীয় পার্টি, পালন করবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি জাতীয় পার্টির সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি ও নির্দেশ প্রদান করছি।’