ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
৯১ রানে অলআউট হয়ে একগাদা লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 November, 2026, 10:22 AM

৯১ রানে অলআউট হয়ে একগাদা লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ

৯১ রানে অলআউট হয়ে একগাদা লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ

প্রথম ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ গড়েছিল গৌরবের সব রেকর্ড। সে রেকর্ড গড়ার ধারাটা সেঞ্চুরিয়নেও অব্যহত আছে। তবে এবার বাংলাদেশ গড়েছে লজ্জার সব রেকর্ড। দক্ষিণ আফ্রিকান পেসারদের সামনে টিকতে না পেরে অলআউট হয়েছে ৯১ রানে, তাতেই অন্তত ৫টি অনাকাঙ্ক্ষিত পরিসংখ্যানে জড়িয়ে গেছে দলটির নাম।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক যাত্রা শুরু করেছে ১৯৯৫ সালে। এরপর থেকে ৩১ টেস্টে এই মাঠ দেখেছে ১০৭টি ইনিংস। তবে তার কোনোটিতেই কোনো দল দুই অঙ্কে অলআউট হয়নি। গতকালকের আগে এই মাঠে সবচেয়ে কম রানের রেকর্ড ছিল ইংল্যান্ডের। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০১ রানে অলআউট হয়েছিল তারা। ৯১ রানে অলআউট হয়ে এবার সেই রেকর্ড ভেঙে দিল বাংলাদেশ।

টেস্ট ক্রিকেটে এ নিয়ে ১৬ বার এক ইনিংসে ১০০ রানের নিচে অলআউট হলো বাংলাদেশ। এটাও একটা রেকর্ড বটে। টেস্টে সবচেয়ে বেশিবার ২ অঙ্কে অলআউটের রেকর্ড অস্ট্রেলিয়ার দখলে। তবে এটাও মনে রাখতে হবে তারা টেস্ট খেলছে আজ ১৪৯ বছর ধরে। আর বাংলাদেশের টেস্টে পথচলা ২৬ বছরের, তাতেই এই তালিকার ৩ দল পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে পেছনে ফেলেছে দলটি। 

৯১ রানে অলআউট হয়ে একগাদা লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ

৯১ রানে অলআউট হয়ে একগাদা লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ

যদি মানদণ্ড ধরা হয় বাংলাদেশের অভিষেকের পরের টেস্টগুলোকে, তাহলে অবশ্য বাংলাদেশের চেয়ে বেশি ১০০র কম রানে অলআউটের ‘রেকর্ড’ আর কারও নেই। শেষ ২৬ বছরে ১১ বার দুই অঙ্কে অলআউট হয়ে খুব কাছাকাছি আছে পাকিস্তান। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ নিয়ে ১০০র কমে চতুর্থ বারের মতো অলআউট হলো বাংলাদেশ। এটিও যৌথভাবে সর্বোচ্চ। প্রোটিয়ারা বাদে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি ১০০ রানের নিচে অলআউট হওয়ার রেকর্ড এখন বাংলাদেশের।

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে কম রানের রেকর্ড এখনো অক্ষতই আছে। ২০২২ সালে ডারবানে প্রোটিয়াদের বিপক্ষে মাত্র ৫৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সেটিই দুই দলের টেস্ট লড়াইয়ে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। 

৯১ রানে অলআউট হয়ে আরও একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছে বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে তিনবার ১০০ রানের নিচে অলআউট হলো দলটি। এর আগে চলতি বছরে অস্ট্রেলিয়ার ম্যাকাইতে স্বাগতিকদের বিপক্ষে ৬৪ ও ৯৫ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। তার সঙ্গে এবার যোগ সেঞ্চুরিয়নের এই ৯১ রানে অলআউটের কীর্তি।

এর আগে ২০০৩, ২০০৭ ও ২০২২ সালে এক বছরে দুবার করে ১০০ রানের নিচে অলআউট হয়েছিল বাংলাদেশ। এবার সেই সংখ্যাও ছাড়িয়ে গেল দলটি। তবে দলের ব্যাটিং লাইন আপ যেভাবে শেষ দুই ইনিংসে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে, কে জানে এখানে আরও একটা ইনিংস যোগ হয়ে যায় কি না!

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status