|
নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি
নতুন সময় ডেস্ক
|
![]() নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি পাশাপাশি নারী ক্রিকেটারদের মাতৃত্বকালীন ছুটি, বেতন ও সন্তান জন্মের পর মাঠে ফেরার পূর্ণাঙ্গ নীতিমালা তৈরির কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। রোববার (২২ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমরা একটি অভিযোগ কমিটি গঠন করেছি এবং কমিটির সদস্যদের নাম উল্লেখ করে সেটি বোর্ডে অনুমোদন করিয়ে দিয়েছি। এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, কোনো জায়গায় কোনো নারী যদি যেকোনো ধরনের হয়রানির শিকার হন, তাহলে তিনি ঠিক কোথায় যোগাযোগ করবেন, সেটি জানেন।’ বিসিবির কোন সদস্যকে কমিটিতে রাখা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘জাহানারার ঘটনাটি যখন সামনে এসেছিল এবং এ বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছিল, তখন আমি কয়েকজনের মধ্যে একজন ছিলাম, যিনি বলেছিলেন, বিসিবির উচিত এমন একটি স্বাধীন কমিটি গঠন করা, যার সঙ্গে বিসিবির কোনো ধরনের সম্পৃক্ততা থাকবে না। মেয়েদের ক্রিকেটে পাঠানোর সময় পরিবারকে নিশ্চিত করতে হবে, যে তারা কোনো ধরনের হয়রানির শিকার হবে না।’ নারী ক্রিকেটারদের মাতৃত্বকালীন সুবিধা প্রসঙ্গে বিসিবি প্রধান বলেন, ‘নারী ক্রিকেটাররা যখন গর্ভবতী হবেন, তখন তাদের মাতৃত্বকালীন ছুটি এবং পরবর্তী সময়ে আবার খেলায় ফেরার বিষয়টি কীভাবে পরিচালিত হবে, সে ব্যাপারে আমরা ইতিমধ্যে একটি নীতিমালা তৈরি করেছি। বিষয়টি বোর্ডে অনুমোদিত হয়েছে গত ২৮ তারিখে।’ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
