|
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরে এলপিজি, কৌশল ‘দায় চাপানোর’
নতুন সময় প্রতিবেদক
|
![]() নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরে এলপিজি, কৌশল ‘দায় চাপানোর’ সেখানে গণমাধ্যমকে তিনি বলেন, “সরকার দাম দিছে একটা। দোকানে আরেকটা। সবগুলোই একই গ্যাস, একেকটার একেক দাম কেন, এই নিয়ে একটু ‘হট টক’ হল।” রান্নার গ্যাসের দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশন বাড়িয়েও সরকার নির্ধারিত সেই দামে এলপিজি মিলছে না খুচরা বাজারে। কোথাও ২০০ থেকে ৩০০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে ১২ কেজির সিলিন্ডার। খুচরা বিক্রেতারা বাড়তি দামের জন্য পরিবেশকদের দায়ী করছেন। পরিবেশকদের অভিযোগ, কিছু কোম্পানি বেশি দামে গ্যাস সরবরাহ করছে। আবার কিছু খুচরা বিক্রেতা ইচ্ছামতো দামও নিচ্ছেন। অপরদিকে আমদানিকারকদের বক্তব্য, বাজারে গ্যাস সরবরাহ করা তাদের দায়িত্ব। নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। বিষয়টি নিয়ে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো এক কর্মকর্তা বলছেন, অসাধু ব্যবসায়ীরা নিজেদের মধ্যে যোগসাজশ করে বেশি দামে এলপিজি বিক্রি করছেন। ‘যেমনে কিনছি তেমনে বেচতেছি’ বসিলা সিটি ডেভেলপার্সের এ ব্লকের ইউনিটি এনার্জি সলিউশনে ১২ কেজির ইউনি গ্যাস ২ হাজার ৩০০ টাকা, জিএমআই এলপিজি ২ হাজার ২৫০ টাকা, মেঘনা ফ্রেশ ২ হাজার ১০০ টাকা, ইউনাইটেড আই গ্যাস ২ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে। দামের ভিন্নতার কারণ জানতে চাইলে দোকান পরিচালক মোহাম্মদ সজিব বলেন, সরবরাহ স্বাভাবিক রয়েছে। চাহিদা মতো কোম্পানিগুলো গ্যাস দিয়ে যাচ্ছে। কিন্তু পরিবেশকদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলে খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম বিক্রি করতে পারছেন না। তার কথায়, “আমরা বাড়তি নিচ্ছি না। যেমনে কিনছি তেমনে বেচতেছি। যেমন- আমরা কম কিনছি, কম বেচতেছি। ওরা কম দিলে আমরা কমে বেচব।” বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বলছে, দেশে এলপিজির ১ কোটির বেশি গ্রাহক, যার মধ্যে প্রায় ৮৩ লাখ পরিবার। বছরে এলপিজির চাহিদা এখন ১৮ লাখ টনের বেশি। এলপিজি আমদানিকারকদের সংগঠন এলপিজি অপারেটরস অব বাংলাদেশের (লোয়াব) তথ্য বলছে, অক্টোবরে এলপিজি আমদানি হয়েছে প্রায় ১ লাখ ৪২ হাজার টন। সেপ্টেম্বরে ১ লাখ ৫৬ হাজার টন এবং অগাস্টে হয়েছে ১ লাখ ৫৮ হাজার টন। গত অক্টোবর মাসে বাজারে এলপিজি সংকট তীব্র হলে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বোতল গ্যাস কিনতে হয়েছে ক্রেতাদের। এই পরিস্থিতিতে চলতি মাসে আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়িয়ে আরেক দফা দাম বাড়িয়েছে সরকার। বিইআরসি গত ২ নভেম্বর রান্নার কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে ২ হাজার ৬০ টাকা। এরপরও নির্ধারিত দামে রান্নার গ্যাস পাচ্ছেন না ভোক্তারা। ‘পরিবেশকরা নিচ্ছেন বেশি’, অভিযোগ খুচরা বিক্রেতাদের ঢাকার ঘাটারচর, বসিলা ও মোহাম্মদপুরের খুচরা বাজার ঘুরে দেখা যায়, দুয়েকটি কোম্পানির এলপিজির দাম সরকারি মূল্যে মিললেও বেশিরভাগ বোতল সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে কোথাও কোথাও ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা দিতে হচ্ছে। বাজার সরবরাহের সঙ্গে যুক্তরা বলছেন, আমদানি না করে যারা অন্যদের কাছ থেকে কিনছে, তারাই মূলত বাজারে বেশি দামে বিক্রি করছেন। রাজধানীর বসিলার ১২ নম্বর সড়কের বাসিন্দা ডালিম রেজা ব্যবহার করেন ৪৫ কেজির সিলিন্ডার। গত ২ নভেম্বর ৪৫ কেজির সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ৬ হাজার ৮৮৮ টাকা বেড়ে দাঁড়ায় ৭ হাজার ৭২৬ টাকা। ওমেরা পেট্রোলিয়াম ছাড়া অন্য কোনো কোম্পানির গ্যাস ওই দামে মিলছে না অভিযোগ করে ডালিম রেজা বলেন, “ইউনির ছোট বোতলের (১২ কেজি) দাম কম রাখছে। কিন্তু বড় বোতল ৪০০ টাকা বেশি। দুইটা বোতল সরকারি রেটে পেলাম, ওমেরা আর ফ্রেশ।” মোহাম্মদপুরের শের শাহ শুরি রোডের ‘থ্রি স্টার এলপিজি গ্যাস সাপ্লাই’ দোকানে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করে দেখা যায়, বেশিরভাগ ক্রেতা গ্যাসের বোতল কিনছেন ফোনে যোগাযোগ করে। এর মধ্যে চারজন সরাসরি এসে রিকশায় করে নিয়ে গেলেন। দোকানটিতে ১২ কেজির এলপিজির বোতলের মধ্যে ডেলটা, গ্রিন ২ হাজার ২৫০ টাকা, বসুন্ধরা ২ হাজার ২৮০ টাকায় বিক্রি করছেন স্বত্বাধিকারী হারুন। সরকারি দামের চেয়ে বেশি দামের কারণ জানতে চাইলে তিনি বলেন, “যমুনা, ইউনি, পেট্রোমেক্স, আই, টিএমএস ২ হাজার টাকায় কিনি। ২ হাজার টাকা খাটাই ৬০ টাকা লাভে পোষাইবো? এছাড়া আমি হোম ডেলিভারি দেই, আমার আরও ১০০ টাকা বেশি নিতে হচ্ছে।” তার অভিযোগ, পরিবেশকরা বিক্রির সময় রশিদ দেন না। তারা বেশি দামে গ্যাস বিক্রি করছেন বলেই খুচরা পর্যায়ে বেশি দাম নিতে হচ্ছে। ইউনি ছাড়া অন্যরা দাম কমাচ্ছে। আগামী মাসে আরও কমবে বলে মনে করেন হারুন। ‘কিছু খুচরা বিক্রেতা ইচ্ছামতো বিক্রি করছেন’ কেরাণীগঞ্জের ঘাটারচরেও সব কোম্পানির এলপিজি বেশি দামে কিনতে দেখা যায় ভোক্তাদের। কেরাণীগঞ্জের চর ওয়াশপুরে ফ্রেশ এলপিজির ডিলার মেসার্স তসলিম এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ বলছে, গত অক্টোবরে এক গাড়ি গ্যাস পেতে পাঁচ থেকে সাত দিন অপেক্ষা করতে হয়েছে। তবে বর্তমানে এক দিনের মধ্যেই গ্যাসের গাড়ি তার গুদামে আসছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী তসলিম বলেন, “কোম্পানি থেকে যা চাই তাই গ্যাস দিচ্ছে। আমরাও ঠিক দামে দিচ্ছি। বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগের বিষয়ে তিনি বলেন, “সাধারণ গ্রাহকরা ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় কিনছেন। এটা আমরা জানি। কিছু খুচরা বিক্রেতা নিজেদের ইচ্ছামতো দামে বিক্রি করছেন।” তার দাবি, খুচরা দোকানে এলপিজি বোতল বিক্রি সীমিত করলে বা পরিবেশকদের মতো নিয়মিত কাগজপত্র যাচাই করলে গ্রাহকরা খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দামে কিনতে পারবে। এই পরিবেশকের বিপরীতে রয়েছে ইউনি, বেঙ্গল ও আই গ্যাসের পরিবেশকের গুদাম। তবে বর্তমানে ইউনি ও আই গ্যাসের বোতল রয়েছে সেই গুদামে। বেঙ্গল ও আই গ্যাসের গুদামের ব্যবস্থাপক মনসুর আলী বলেন, আই গ্যাস সরকার নির্ধারিত দামে বিক্রি করা গেলেও ইউনি গ্যাস বেশি দামে বিক্রি করতে হচ্ছে। “তবে কিছু কিছু গ্যাস আছে যারা অন্যের থেকে লিকুয়িড কিনে ওদের সিলিন্ডারে ভরে। ইউনির এলসি বন্ধ। আরেকটা (কোম্পানি) থেকে নিয়েই আমাদের সাপ্লাই দিচ্ছে। তাই দাম বেশি রাখছে।” ‘সরবরাহ ও দর স্বাভাবিক হতে শুরু করেছে’ এলপিজি সরবরাহ পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হতে শুরু করেছে এবং দর কিছুটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে বলে মনে করেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির কো-অর্গানাইজিং সেক্রেটারি মনি মুক্তা পাল। তিনি গণমাধ্যমকে বলেন, “এই মুহূর্তে আসলে চাহিদা অনেক কম। গ্যাসের হাই রেটের কারণে অনেক ইলেকট্রিক চুলার উপরে নির্ভর হয়ে গেছে। ফলে কোম্পানিগুলোর গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে। রেটও কিছুটা স্থিতিশীল হচ্ছে।” সরকারি দরের চেয়ে বেশি দামে বিক্রির প্রশ্নে তিনি বলেন, “যারা এলসি করে, তাদের থেকে যারা নিয়ে বিক্রি করে, তারা এখনও অনেকেই সরকারি রেটে দিতে পারতেছে না। নন এলসি কোম্পানির সবগুলো তো এখনও সরকার নির্ধারিত রেটে আসতে পারেনি।” তবে শিগগিরই সকল কোম্পানি সরকার নির্ধারিত দামে চলে আসবে বলে আশা প্রকাশ করে তিনি। এলসি পরিচালনকারী বড় কোম্পানিগুলোর পদক্ষেপ এবং পরিবেশকদের ভেতরে প্রতিযোগিতার তুলে ধরে তিনি বলেন, “কোম্পানিগুলো এলসি করে। এটার মধ্যে আপনার পাঁচ-ছয়টা কোম্পানিআবার কিছু সম্প্রতি ৪০/৫০ টাকা করে রেট নামাইয়া ফেলছে।” রাজধানীতে ৩৯টি পয়েন্টে এলপিজি বিক্রি করছে ফ্রেশ। খুচরা পর্যায়ে তাদের ১২ কেজির গ্যাসের বোতল ২১০০ টাকা কেন, এ প্রশ্নে মেঘনা ফ্রেশ এলপিজি কোম্পানির প্রধান বিপণন কর্মকর্তা আবু সাঈদ রাজা বলেন, “কিছু খুচরা ব্যবসায়ী হয়ত এটা করতে পারে, সেক্ষেত্রে আমাদের একটু জানাইতে হবে। আমরা সাথে সাথে অ্যাকশনে যেতে পারব।” সরকারি দামে পণ্য বিক্রির পাশাপাশি অন্যান্য এলপিজি অপারেটরদেরও গ্যাস বিক্রি করছে কোম্পানিটি। অন্যদের কাছে কত দামে বিক্রি করছেন, এ প্রশ্নে আবু সাঈদ রাজা বলেন, “এটা তো লুকানো কোনো প্রাইস না। একদমই ‘অলমোস্ট ব্রেক ইভেনে’ অপারেটরসদের কাছে বিক্রি করে দিচ্ছি। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের মার্জিন যেহেতু নাই। এখন তারা কীভাবে মার্জিন করবে, এটা তো আসলে তাদের বিষয়। তাদের যদি বিক্রি করতে হয় বিআরসি রেগুলেশন মানতেই হবে।” ‘ব্যবসায়ীদের যোগসাজশ’ এলপিজি অপারেটরস অব বাংলাদেশ (লোয়াব) বলছে, আমদানি করা ও বাজারে সরবরাহ করাই তাদের দায়িত্ব। অপারেটর, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতারা বিইআরসি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করছেন কিনা, সেটা দেখার দায়িত্ব সরকারের। সংগঠনটির সভাপতি আমিরুল হক গণমাধ্যমকে বলেন, “আমার দায়িত্ব হল আমদানি করা। এখন আমি আমদানি কম করছি কি না সেটা প্রশ্ন। যদি কম আনতাম তাহলে একটি প্রশ্ন থাকত। এখন কার্গো আসার পরে যদি কোনো ক্রেতা না পাই ওই দায়িত্ব কে নিবে? “আমার সাপ্লাই চেইনের মধ্যে কেউ বা কোনো অপারেটর যদি সরকারি দামের চেয়ে এক টাকা বেশি দামে বিক্রি করে আইন অনুযায়ী সরকার ব্যবস্থা নিতে পারে।” বাজারে সরকারি দরের চেয়ে বাড়তি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীতে মাঠপর্যায়ে নিয়মিত অভিযান পরিচালনা করেছেন ভোক্তার ঢাকা জেলার সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান। অভিযানের অভিজ্ঞতা তুলে ধরে নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি সম্ভব মন্তব্য করে তিনি বলেন, “এটার সঙ্গে যদি ট্রান্সপোর্টেশন কস্ট লাগে, সেটা হচ্ছে অ্যাডিশনাল চার্জ। এছাড়া সরকার নির্ধারিত মূল্যেই আসলে এটা বিক্রি করা সম্ভব।” “যেহেতু একটু ক্রাইসিস আছে, আমাদের তথ্য মতে ৩২টা কোম্পানি আমদানি করার কথা ছিল। কিন্তু গ্যাস আনছে পাঁচটা কোম্পানি। এ কারণে একটু সাপ্লাই ঘাটতি আছেই। এইটার সুযোগটা খুচরা ব্যবসায়ী এবং ডিলাররা নিচ্ছে।” বাজারে অভিযানে পাওয়া তথ্যের কথা তুলে ধরে হাসানুজ্জামান বলেন, “যেমন আমরা একটা অভিযান করেছি। সেখানে ইউনি গ্যাস সরকার নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে খুচরা দোকানদার পাচ্ছে।” বাজারে খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, পরিবেশকরা ক্রয় রশিদ দেন না। কিন্তু ভোক্তা অধিকার আমদানিকারক বা বড় প্রতিষ্ঠানে অভিযান না করে খুচরা দোকানে অভিযান চালায়। রশিদ দেওয়া-নেওয়ার বিষয়ে হাসানুজ্জামান বলেন, “রশিদ নিলে সে (খুচরা) বেশি দামে বিক্রি করতে পারবে না। ফলে খুচরা দোকানদারগুলোও ঝামেলা করে। তারা যদি রশিদ নেয় সেক্ষেত্রে রশিদ যদি শো করতে হয়, তাহলে সে বেশি দামে বিক্রি করতে পারবে না।” বিষয়টিকে ‘ব্যবসায়ীদের যোগসাজশ’ বলে মন্তব্য করেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা হাসানুজ্জামান। তার কথায়, “কিছু অসাধু ব্যবসায়ীদের নিজেদের মধ্যে যোগসাজশ করে বেশি দামে বিক্রি করছে।” আমদানিকারক বা বড় প্রতিষ্ঠানে অভিযানের প্রশ্নে তিনি বলেন, “মূল প্রতিষ্ঠান দেখার দায়িত্ব রেগুলেটরি কমিশনের। ভোক্তা অধিকার অধিদপ্তর ভোক্তা যেখান থেকে বেশি দামে কিনবে, আমাকে সেখানেই যেতে হবে। “এখন কোনো খুচরা ব্যবসায়ী আমাদের কাছে অভিযোগ দিলে, আমাদের টিম আছে, যে জায়গায় বেশি নেওয়া হচ্ছে সেখানে গিয়ে ব্যবস্থা নিব।” নির্ধারিত দামের চেয়ে বেশি দরে এলপিজি বিক্রির বিষয়ে জানতে চাইলে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ গণমাধ্যমকে বলেন, “অনেকে আমদানি করতে পারে না। অন্যদের থেকে কিনে বাজারে বিক্রি করছে, তারাই বাজারে বেশি দামে বিক্রি করছে। “এটা আমরা জানি। এটা নিয়েও কাজ করছি। আমাদের টিম যাচ্ছে বিভিন্ন জায়গায়।” |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
