ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
মজুরি আন্দোলনে ৬০০ কারখানা ক্ষতিগ্রস্ত, ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ হাতছাড়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 November, 2026, 9:02 PM

মজুরি আন্দোলনে ৬০০ কারখানা ক্ষতিগ্রস্ত, ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ হাতছাড়া

মজুরি আন্দোলনে ৬০০ কারখানা ক্ষতিগ্রস্ত, ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ হাতছাড়া

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে ক্ষয়ক্ষতির ধারণা দিয়ে এ খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমএইএ বলেছে, চলতি মাসের প্রথম ১৮ দিনে ছয় শতাধিক কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে গেল চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর তারা জরিপ পরিচালনা শুরু করেছেন। এর মধ্যে ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতির তথ্য মিলেছে, যার পরিমাণ ৪২৮ মিলিয়ন ডলার।

ক্ষতিগ্রস্ত কারখানাগুলো সর্বনিম্ন একদিন থেকে শুরু করে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় রপ্তানি আদেশ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ।

সংগঠনটির ভাষ্য, ক্রয়াদেশ ধরে রাখতে কারখানাগুলোকে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠানো, বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া এবং অর্ডার বাতিলের মতো পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।

বিজিএমইএ বলছে, অস্থিতিশীলতার কারণে ক্রেতাদের আস্থায়ও প্রভাব পড়েছে। জরিপে অংশ নেওয়া কারখানাগুলো জানিয়েছে, ক্রেতারা কার্যাদেশ দেওয়া ৫ কোটি ৯০ লাখ পোশাকের কাজ অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব ক্রয়াদেশের বাজারমূল্য ২৫ কোটি ৪০ লাখ ডলার।

পোশাক রপ্তানিকারকদের সংগঠনটি বলছে, জরিপে উঠে আসা পরিসংখ্যান প্রকৃত ক্ষতির আংশিক চিত্র। শিল্পাঞ্চলে অসন্তোষ চলমান থাকায় সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বেশি হবে।

বিজিএমইএ মহাসচিব সাহেদুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, তাৎক্ষণিক আর্থিক ক্ষতির বাইরেও বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক শিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপর বড় আঘাত এসেছে।

দেশের অর্থনীতি ও লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে সংকট থেকে দ্রুত উত্তরণ জরুরি মন্তব্য করে বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎপাদন সচল রাখতে এবং ক্ষতি কাটিয়ে উঠতে সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ দরকার।

এর আগে গত ১৯ নভেম্বর এক সংবাদ সম্মেলনে তৈরি পোশাকখাতের ক্ষতির একটি ধারণা দিয়েছিল বিদেশি ক্রেতাদের স্থানীয় প্রতিনিধিদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)।

সংগঠনটি তখন বলেছিল, চলমান অস্থিরতার কারণে ইতোমধ্যে প্রায় তিন-চার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। এর পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।

তারপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন।

এরপর ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সেই অনুযায়ী ১৬ নভেম্বরের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে জানিয়েছিল বিজিএমইএ। তবে সেই সভা স্থগিত হওয়ায় ফের অশান্ত হয়ে ওঠে শিল্পাঞ্চল। স্থগিত হওয়া এ সভা সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status