|
বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু
নতুন সময় প্রতিবেদক
|
![]() বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পণ্যগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার হেড অব মার্কেটিং ইয়াপ ইয়াং। এসময় সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান জোশুয়া কুয়েক এবং আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার টিভি প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার মাশচাভালিত কেমনুজসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ঘরে বসেই সিনেমা হলের মতো নিখুঁত ছবি ও শব্দের অভিজ্ঞতা দিতে ‘সিনেমা ইজ কামিং হোম’ (Cinema is Coming Home) ভাবনা থেকে পণ্যগুলো তৈরি করা হয়েছে। হলিউডের সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের চলচ্চিত্র নির্মাতা ও সাউন্ড ইঞ্জিনিয়ারদের প্রত্যক্ষ পরামর্শে নির্মিত এসব ডিভাইসে দর্শকরা নির্মাতাদের মূল ভাবনা অনুযায়ী ছবি ও শব্দ উপভোগ করতে পারবেন। সনির নতুন ফ্ল্যাগশিপ মডেল ব্রাভিয়া ৯ মার্ক টু (BRAVIA® 9 II)-তে প্রথমবারের মতো ‘ট্রু আরজিবি এলইডি’ (True RGB LED) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রচলিত টিভির তুলনায় এতে লাল, সবুজ ও নীল—এই তিনটি মৌলিক রঙের আলো আলাদাভাবে নিয়ন্ত্রিত হয়। ফলে পর্দায় রঙ ফুটে উঠবে আরও জীবন্ত, উজ্জ্বল ও নিখুঁতভাবে। ৮৫-ইঞ্চি ও ১১৫-ইঞ্চি—এই দুটি বড় আকারে টিভিটি পাওয়া যাবে। ঘরের যেকোনো কোণ থেকে স্পষ্ট ছবি দেখার সুবিধার পাশাপাশি ৮৫-ইঞ্চি মডেলে রয়েছে বিশেষ অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন, যা ঘরের তীব্র আলোতেও পর্দায় আলোর প্রতিফলন রোধ করে। এ ছাড়া এতে জেমিনি এআই-সমৃদ্ধ গুগল টিভি এবং সংলাপ স্পষ্টভাবে শোনার জন্য বিশেষ সাউন্ড প্রযুক্তি যুক্ত করা হয়েছে। অন্যদিকে, সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে উন্নত প্রযুক্তি পৌঁছে দিতে সনি এনেছে ব্রাভিয়া ৩ মার্ক টু (BRAVIA® 3 II) সিরিজ। ৪৩-ইঞ্চি থেকে শুরু করে ১০০-ইঞ্চি পর্যন্ত মোট সাতটি ভিন্ন আকারে এই টিভি পাওয়া যাবে। সনির বিশেষ এক্সআর (XR) প্রসেসরযুক্ত এই টিভি সাধারণ মানের ভিডিওকেও স্বয়ংক্রিয়ভাবে উন্নত করে ফোর-কে (4K) মানের কাছাকাছি নিয়ে যায়। সিনেমা দেখার পাশাপাশি খেলাধুলা ও ভিডিও গেম খেলার জন্য এতে রয়েছে বিশেষ হাই-স্পিড গেমিং সুবিধা। পাশাপাশি ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস প্রযুক্তি থাকায় ছবি ও শব্দে পাওয়া যাবে বাড়তি গভীরতা। বড় পর্দার টিভির সঙ্গে মানানসই শব্দের অভিজ্ঞতা দিতে সনি নিয়ে এসেছে ব্রাভিয়া থিয়েটার ট্রায়ো (BRAVIA Theatre Trio)। এটি মূলত তিনটি স্পিকারের একটি তারবিহীন বা ওয়্যারলেস সাউন্ড সিস্টেম। বিশেষ প্রযুক্তির মাধ্যমে এই তিনটি স্পিকার মিলে ঘরে ২৪টি স্পিকারের মতো চারপাশ থেকে শব্দ ছড়িয়ে দেওয়ার আবহ তৈরি করে। এমনকি সঙ্গে থাকা একটি ছোট মাইক্রোফোনের সাহায্যে এটি ঘরের আকার বুঝে নিজে থেকেই সাউন্ড সেট করে নিতে পারে। বাড়তি কোনো সাউন্ডবার ছাড়াই সামঞ্জস্যপূর্ণ ব্রাভিয়া টিভির সঙ্গে সরাসরি ওয়্যারলেস সাবউফার যুক্ত করার সুবিধাও থাকছে এতে। পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখে নতুন এই টিভিগুলোর বডি ও রিমোটে পুনর্ব্যবহৃত (রিসাইকেলড) প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এ ছাড়া সব বয়সী মানুষের সহজ ব্যবহারের সুবিধার্থে রিমোট কন্ট্রোলের বাটনগুলো আরও স্পষ্ট ও ব্যবহারবান্ধব করে তৈরি করা হয়েছে। বাংলাদেশে সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর সনি স্মার্ট (Sony SMART) এবং সনি র্যাংগস (Sony RANGS)-এর শোরুমগুলোতে নতুন এই টিভি ও অডিও সিস্টেম পাওয়া যাবে। প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে খুব শিগগিরই এসব পণ্যের দাম ও বিক্রয় শুরুর তারিখ ঘোষণা করা হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
