ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের ২০–৩০টি বাড়িতে হামলা ও আগুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 November, 2026, 5:37 PM

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের ২০–৩০টি বাড়িতে হামলা ও আগুন

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের ২০–৩০টি বাড়িতে হামলা ও আগুন

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতা নিহত হওয়ার ঘটনার জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তিসহ কয়েকজন নেতা–কর্মীর বাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (গতকাল) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বেন্দারচর গ্রামে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন জ্বলতে দেখে। প্রতিটি বাড়িতে সাধারণত তিন থেকে চারটি করে ঘর থাকায় আগুনে ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এর আগে গত বুধবার কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের হামলার অভিযোগে দুজন নিহত হন। নিহতরা হলেন কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা এবং পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম।

স্থানীয় ভুক্তভোগীদের দাবি, শুক্রবার বিকেলে হঠাৎ করে সাবেক এমপি বি এম কবিরুল হক (মুক্তি) ও সাবেক পৌর মেয়র মুশফিকুর রহমানসহ আওয়ামী লীগের নেতা–কর্মীদের বাড়িতে বিএনপির লোকজন হামলা চালান। এতে বেন্দারচর গ্রামের প্রায় ৫০টি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া বড় কালিয়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

তবে হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিএনপির নেতাদের উপস্থিতিতে হামলার প্রচার কাল্পনিক।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম শনিবার জানান, শুক্রবার সন্ধ্যার আগে সাবেক এমপির বাসাসহ কয়েকটি স্থাপনা ও ১৫–২০টি ঘর ভাঙচুর করা হয়েছে, এবং পাঁচ থেকে ছয়টি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সাবেক এমপি বি এম কবিরুল হক ও কৃষ্ণপদ ঘোষের বাড়িতে হামলার বিষয়টি প্রশাসন নিশ্চিত করলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেসবুকে বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের যে প্রচার চালানো হচ্ছে, তা মিথ্যা ও বানোয়াট। পুরোনো ও এআই দিয়ে তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলে দাবি করেছে পুলিশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেন্দারচরে কোনো হিন্দু বসতি নেই এবং কোনো হিন্দু পরিবার বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি।

হিন্দু বসতিতে হামলার দাবির বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে এলাকার হিন্দু সম্প্রদায়ের প্রায় ৯০ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিয়েছেন এবং দলটি হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে। দুই শতাধিক বাড়িতে হামলার যে দাবি ফেসবুকে ছড়ানো হচ্ছে, তা পুরোপুরি মিথ্যা বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশের বক্তব্য ও বর্তমান পরিস্থিতি
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির দুই নেতা হত্যার জেরে শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে নিহতদের বিক্ষুব্ধ স্বজন ও আরও কয়েকজন বেন্দারচর গ্রামে জড়ো হয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা–কর্মীদের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার শনিবার দুপুরে মুঠোফোনে জানান, নিহত দুই নেতার স্বজন ও সমর্থকেরা গ্রামে গিয়ে তিন থেকে চারটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এলাকাটি হিন্দু–অধ্যুষিত নয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ঘটনাটি উপস্থাপন করা হচ্ছে, বাস্তবতা তেমন নয়।

অগ্নিসংযোগ নিয়ে ফায়ার সার্ভিসের বক্তব্য
কালিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, শুক্রবার বিকেল চারটার দিকে আগুনের সূত্রপাত হলেও তখন কেউ তাদের ফোন করে জানাননি। এ ছাড়া প্রতিবন্ধকতা ও নিরাপত্তাহীনতার কারণে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যেতে পারেননি। রাত আটটার দিকে গিয়ে দেখা যায়, অনেক বাড়িতে তখনও আগুন জ্বলছে, তবে তীব্রতা কম ছিল। পরে ফায়ার সার্ভিস কিছু আগুন নেভায় এবং কিছু আগুন নিজে থেকেই নিভে যায়। তাদের হিসাবে ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন ছিল, যেখানে একাধিক ঘর থাকায় ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা আরও বেশি হতে পারে।

সরেজমিনে বেন্দারচরের চিত্র
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বেন্দারচর গ্রামে প্রবেশ করতেই দেখা যায়, এক নারী ছোট সন্তানকে নিয়ে ভ্যানে করে কিছু জিনিসপত্র নিয়ে গ্রাম ছাড়ছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই নারী জানান, তাদের তিনটি গরু লুট করা হয়েছে এবং তিনটি ঘরের টিভি, ফ্রিজ, কম্বল, ট্রাংকের মালামাল এমনকি টিউবওয়েলের মোটরও ভেঙে নিয়ে যাওয়া হয়েছে; গায়ে দেওয়ার মতো একটি কাঁথাও অবশিষ্ট নেই। পাশাপাশি তাঁর জাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মুক্তা খানম নামের আরেক নারী বলেন, জুমার নামাজের পর প্রায় চার শ লোক এসে ভাঙচুর চালিয়ে গাড়ি ভরে মালামাল লুট করে নিয়ে যায়; তাঁর দাবি, হামলাকারীরা কালিয়ার এলাকার বিএনপির লোকজন।

সকালে গ্রামে গিয়ে বয়স্ক পুরুষদের ছাড়া অন্য পুরুষদের খুব একটা দেখা যায়নি, আর অনেক নারীই নিরাপত্তাহীনতায় বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status