ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
মালয়েশিয়া নেওয়ার কথা বলে এক সপ্তাহ সাগরে, কক্সবাজার সৈকতে নামিয়ে পালাল দালাল চক্র
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 November, 2026, 3:11 PM

মালয়েশিয়া নেওয়ার কথা বলে এক সপ্তাহ সাগরে, কক্সবাজার সৈকতে নামিয়ে পালাল দালাল চক্র

মালয়েশিয়া নেওয়ার কথা বলে এক সপ্তাহ সাগরে, কক্সবাজার সৈকতে নামিয়ে পালাল দালাল চক্র

মালয়েশিয়া যাওয়ার আশায় টেকনাফ থেকে মাছ ধরার ট্রলারে উঠেছিলেন নারী, পুরুষ ও শিশুসহ ৭২ জন। তাদের নিয়ে ট্রলারটি এক সপ্তাহ ধরে সাগরে ভাসছিল। এর মধ্যে ট্রলারের মাঝিমাল্লা ও মানবপাচারকারী চক্রের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে শুক্রবার রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে ট্রলারটি ভেড়ানো হয়। সেখানে যাত্রীদের নামিয়ে দিয়ে পালিয়ে যান দালাল চক্রের সদস্যরা।

পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ২৮ জনকে উদ্ধার করেন। তাদের মধ্যে ২৫ জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন রোহিঙ্গা।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে লাবণী পয়েন্টে ট্রলারটি ভেড়ার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে যান। এ সময় ট্রলারে থাকা ব্যক্তিদের উদ্ধার করা হলেও মানবপাচারকারীরা পালিয়ে যান।

উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস জানান, গত ১২ নভেম্বর মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট নৌকায় করে তাদের সাগরে থাকা একটি বড় ট্রলারে তোলা হয়। এরপর থেকে কয়েক দিন সাগরে কাটে তাদের। ট্রলারটিতে ১৭ জন মাঝিমাল্লা ও দালাল ছিলেন। তাদের মধ্যে বিরোধ দেখা দিলে একপর্যায়ে ট্রলারটি লাবণী পয়েন্টে নিয়ে আসা হয়। পরে যাত্রীদের নামিয়ে দিয়ে তারা পালিয়ে যান।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি মানবপাচারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এর আগে গত ৫ নভেম্বর টেকনাফের পাহাড়ে মানবপাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালাতে গিয়ে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে তিতাস শেখ (২৭) নামের এক সেনাসদস্য নিহত হন। ওই অভিযানে পাচারের শিকার ৫৬ জনকে উদ্ধার করে যৌথ বাহিনী। এ সময় পাচারকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর শুষ্ক মৌসুমে সমুদ্রপথে মানবপাচারের ঘটনা বাড়ে। পাচারকারীরা বিভিন্ন এলাকার মানুষ ও রোহিঙ্গাদের পাহাড়ি এলাকায় আটকে রাখেন। পরে সুযোগ বুঝে মাছ ধরার ট্রলারে করে তাদের মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচার করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status