|
পূর্বশত্রুতার জেরে নোবিপ্রবি কর্মচারীকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ
নোবিপ্রবি প্রতিনিধি
|
![]() পূর্বশত্রুতার জেরে নোবিপ্রবি কর্মচারীকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ অভিযোগকারী মো. হুমায়ুন কবির বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাব টেকনিশিয়ান। সম্প্রতি নোয়াখালীর সেনবাগে ইয়াবাসহ তাঁকে আটকের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর প্রতিবাদ জানিয়ে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি নিজের বক্তব্য তুলে ধরেন। প্রতিবাদলিপিতে হুমায়ুন কবির দাবি করেন, গত ২ নভেম্বর মো. ইমাম উদ্দিনসহ স্থানীয় কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধের সূত্রপাত হয়। এর ধারাবাহিকতায় ৩ নভেম্বর তিনি শারীরিকভাবে আহত হন এবং কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেন। পূর্ববিরোধের জেরে তাঁকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছিল বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, গত ১৩ নভেম্বর সেনবাগ উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের আইচের টেক বাজার এলাকায় যাওয়ার পথে মো. ইমাম উদ্দিন, মো. মোস্তফাসহ কয়েকজন তাঁর চলাচলে বাধা দেন। এ সময় তাঁকে মারধর করে আহত করা হয় এবং সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তী সময়ে মাদকসহ আটকের অভিযোগ তুলে তাঁকে হয়রানি করা হয়েছে বলে দাবি করেন তিনি। পূর্ববিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এসব করা হয়েছে বলে মনে করেন হুমায়ুন কবির। এদিকে, প্রকাশিত সংবাদে তাঁর ইয়াবা সেবনের স্বীকারোক্তির বিষয়টিও অস্বীকার করেছেন তিনি। প্রতিবাদলিপিতে তাঁর দাবি, তিনি কখনো ইয়াবা সেবন করেননি এবং এ ধরনের কোনো স্বীকারোক্তিও দেননি। তাঁর নামে গত চার মাস ধরে নিয়মিত ইয়াবা সেবন এবং বাড়িতে গেলে প্রতি সপ্তাহে দুটি করে ইয়াবা সেবনের যে বক্তব্য প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ছাড়া তাঁর মাদক সেবনের বিষয়টি প্রমাণে কোনো ডোপ টেস্ট বা চিকিৎসাগত পরীক্ষাও করা হয়নি বলে উল্লেখ করেন তিনি। সংবাদে ঘটনার তারিখ ১৫ নভেম্বর উল্লেখ করা হলেও সেটি ভুল বলে দাবি করেছেন হুমায়ুন কবির। তাঁর ভাষ্য, ঘটনাটি ঘটে ১৩ নভেম্বর। ১৫ নভেম্বর তিনি বিশ্ববিদ্যালয়ের নিজ কর্মস্থলে উপস্থিত থেকে নিয়মিত দায়িত্ব পালন করেছেন। এ দাবির পক্ষে হাজিরা রেজিস্টারের ফটোকপিও প্রতিবাদলিপির সঙ্গে সংযুক্ত করেছেন তিনি। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবির। তাঁর দাবি, আত্মপক্ষ সমর্থনের যথাযথ সুযোগ না দিয়ে একটি সাদা কাগজে তাঁর স্বাক্ষর নেওয়া হয়। পরে কোনো জবাব বা ব্যাখ্যা দেওয়ার সুযোগ ছাড়াই তাঁকে কারাগারে পাঠানো হয়। আদালতের আদেশের অনুলিপিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সিল থাকলেও স্বাক্ষর না থাকার বিষয়টি দেখতে পেয়েছেন বলেও প্রতিবাদলিপিতে উল্লেখ করেন তিনি। এসব বিষয়ে উচ্চ আদালতে আইনগত প্রতিকার চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। প্রকাশিত সংবাদে তাঁর নামে প্রচারিত স্বীকারোক্তির সত্যতা নিয়েও আপত্তি জানিয়েছেন তিনি। পুলিশ ঘটনাস্থলে মো. মহি উদ্দিন ও মো. কামাল উদ্দিন নামের দুই ব্যক্তিকে সাক্ষী করেছ। প্রতিবাদলিপিতে সাক্ষী হিসেবে উল্লেখিত মো. মহি উদ্দিন ও মো. কামাল উদ্দিন তাঁর পক্ষে বক্তব্য দিয়েছেন বলে দাবি করেন হুমায়ুন কবির। তাঁর ভাষ্য, ওই দুই ব্যক্তি জানিয়েছেন, তিনি কোনো মাদক সেবন করেননি এবং ইয়াবা সেবনের বিষয়ে কোনো স্বীকারোক্তিও দেননি। তাঁদের হলফনামাও প্রতিবাদলিপির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। হুমায়ুন কবির বলেন, আমার বক্তব্য গ্রহণ, তথ্য যাচাই কিংবা ঘটনার উভয় পক্ষের বক্তব্য না নিয়েই আমাকে মাদকসেবী হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে আমার সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে তিন কার্যদিবসের মধ্যে উক্ত বিষয়ের কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছে। আমি রেজিস্ট্রার মহোদয় বরাবর আজকের মধ্যেই এ বিষয়ে যথাযথ প্রমাণসহ লিখিত জবাব দাখিল করবো।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
পূর্বশত্রুতার জেরে নোবিপ্রবি কর্মচারীকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ
তিতুমীরের ১৯৫তম মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল
জবির ২য় সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় ১০ দিন বাড়ল, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত
মাভাবিপ্রবিতে টেক্সটাইলের স্নাতকোত্তরে ভর্তি, আবেদন করতে পারবেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও
