ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
শহীদ তিতুমীরের ১৯৫তম মৃত্যুবার্ষিকী আজ
মোহাম্মদ হাসান
প্রকাশ: Thursday, 19 November, 2026, 10:56 AM

শহীদ তিতুমীরের ১৯৫তম মৃত্যুবার্ষিকী আজ

শহীদ তিতুমীরের ১৯৫তম মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৯ নভেম্বর। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক শহীদ তিতুমীরের ১৯৫তম মৃত্যুবার্ষিকী।

ভারতীয় উপমহাদেশের ঔপনিবেশিক শাসনবিরোধী প্রতিরোধের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম শহীদ তিতুমীর। অদম্য সাহস, চির সংগ্রামী মনোবল ও বুকে মুক্তির স্বপ্ন ধারণ করে তিনি ব্রিটিশ শোষণযন্ত্র এবং তাদের আজ্ঞাবহ জমিদারতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন।

তিতুমীরের প্রকৃত নাম সাইয়িদ মীর নিসার আলী। ১৭৮২ সালের ২৭ জানুয়ারি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা ছিলেন সাইয়িদ মীর হাসান আলী এবং মাতা আবিদা রোকাইয়া খাতুন।

গ্রামের মক্তবে প্রাথমিক শিক্ষা শেষ করে তিতুমীর স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করেন। তিনি ছিলেন পবিত্র কোরআনের হাফেজ, আরবি-ফারসিসহ একাধিক ভাষায় দক্ষ এবং অসাধারণ রণকৌশলী। ইসলামি ধর্মশাস্ত্র, আইনশাস্ত্র ও দর্শনেও তাঁর গভীর পাণ্ডিত্য ছিল।

১৮২২ সালে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা শরিফে যান তিতুমীর। সেখানে তিনি বিখ্যাত ইসলামি ধর্মসংস্কারক ও বিপ্লবী নেতা সাইয়িদ আহমদ বেরেলির সান্নিধ্য লাভ করেন। তাঁর সংস্পর্শে এসে তিতুমীর বাংলার মুসলমানদের মধ্যে ধর্মীয় সংস্কার এবং বিদেশি শাসন থেকে মুক্তির চেতনায় উদ্বুদ্ধ হন। ১৮২৭ সালে মক্কা থেকে দেশে ফিরে চব্বিশ পরগনা ও নদীয়া অঞ্চলে ইসলামি অনুশাসন প্রচারের পাশাপাশি কৃষকদের ওপর জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হন। একপর্যায়ে জমিদারদের সঙ্গে তাঁর সংঘাত শুরু হয়।

তিতুমীর ছিলেন দক্ষ লাঠিয়াল। জমিদারদের অত্যাচার প্রতিরোধ এবং নিজেদের অধিকার রক্ষায় তিনি অনুসারীদের নিয়ে একটি সশস্ত্র প্রতিরোধ দল গঠন করেন। নিজেই দলের সদস্যদের প্রশিক্ষণ দিতেন। তাঁর এই সংগঠিত প্রতিরোধে জমিদাররা ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে তারা তিতুমীরের বিরুদ্ধে ব্রিটিশ শাসকদের সহযোগিতা নেয়।

স্থানীয় জমিদারদের সহযোগিতায় ব্রিটিশ বাহিনী তিতুমীরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। তবে তিতুমীর ও তাঁর অনুসারীরা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন। ছোট ছোট সংঘর্ষে তাঁরা ব্রিটিশ বাহিনী ও জমিদারদের বাহিনীকে চ্যালেঞ্জের মুখে ফেলেন।

দিন দিন তিতুমীরের অনুসারীদের সংখ্যা বাড়তে থাকে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে তিনি বারাসাতের কাছে নারিকেলবাড়িয়ায় নির্মাণ করেন ঐতিহাসিক ‘বাঁশের কেল্লা’। বাঁশ দিয়ে নির্মিত এই দুর্গ হয়ে ওঠে তাঁর আন্দোলনের প্রধান ঘাঁটি। এখান থেকেই তিনি ব্রিটিশ শাসন ও জমিদারতন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ পরিচালনা করেন। একপর্যায়ে চব্বিশ পরগনা, নদীয়া ও ফরিদপুর অঞ্চলে তাঁর আন্দোলনের প্রভাব বিস্তার লাভ করে। তাঁর অনুসারীদের গেরিলা আক্রমণে জমিদার ও ব্রিটিশ বাহিনী একাধিকবার বাধার মুখে পড়ে।

অবশেষে ১৮৩১ সালের ১৯ নভেম্বর ব্রিটিশ লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত এক শক্তিশালী বাহিনী বাঁশের কেল্লায় আক্রমণ চালায়। আধুনিক কামান ও আগ্নেয়াস্ত্রের সামনে বাঁশের কেল্লা এবং বাঁশ-লাঠি হাতে লড়াই করা তিতুমীরের অনুসারীরা দীর্ঘক্ষণ প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত টিকতে পারেননি। বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে করতে একপর্যায়ে শহীদ হন তিতুমীর। তাঁর বহু অনুসারীও নিহত হন। ব্রিটিশ বাহিনী গুঁড়িয়ে দেয় ঐতিহাসিক বাঁশের কেল্লা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status