|
পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন
জসিম উদ্দিন, পটুয়াখালী
|
![]() পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন এ উপলক্ষে বুধবার ১৫ জুলাই ২০২৬ দুপুরে জেলা সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝাউতলা সংলগ্ন জেলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মেলা স্থলে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। পরে সহকারী বন কর্মকর্তা নুরুন্নাহার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার যে পাঁচ কোটি বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত যুগোপযোগী সিদ্ধান্ত। সরকারের কার্যক্রমের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ও প্রত্যেকের উচিত বৃক্ষরোপণ করা। পর্যাপ্ত সংখ্যক বৃক্ষরোপণ করা গেলে পরিবেশ থেকে কার্বনডাই অক্সাইডের পরিমাণ হ্রাস পাবে এবং অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে। এছাড়া বৃক্ষ থেকে আমরা আরো অনেক সুবিধাও পাবো। তাই প্রত্যেক সচেতন নাগরিকের কর্তব্য সরকারের উদ্যোগের পাশাপাশি নিজস্ব উদ্যোগে বৃক্ষরোপণ করা। জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ এর যৌথ উদ্যোগে ১৫ জুলাই হতে ২১ জুলাই এই ৭ দিন, সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম। মেলায় বিভিন্ন ফলদ, বনজ ও ভেষজ গাছের চারার সমারহ নিয়ে সরকারি-বেসরকারি ২৫টি স্টল এ মেলায় অংশগ্রহণ করেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
