হাইমচরে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা
মোঃ আরিফুল ইসলাম, চাঁদপুর
প্রকাশ: Tuesday, 2 June, 2026, 6:45 PM
হাইমচরে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা
চাঁদপুরের হাইমচর উপজেলায় এজমালি পুকুরের ঘাটলা নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ওমর ফারুক (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছোট লক্ষীপুর গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক উপজেলার উত্তর চরভাঙ্গা (ঢালী বাড়ি) এলাকার খালেক ঢালীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভিকটিম ওমর ফারুক ছোট লক্ষীপুর গ্রামে তার নানা হাসমত উল্যাহ মৃধার (৭০) বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাসমত উল্যাহর পরিবারের সঙ্গে একই বাড়ির প্রতিপক্ষ কুদ্দুস মৃধা (৩০), বিল্লাল মৃধা (২৫), হাসান মৃধা (২৮) ও হাবিব মৃধাসহ (২১) কয়েকজনের এজমালি পুকুরের ঘাটলা নির্মাণ নিয়ে বাগবিতণ্ডা ও ঝগড়া শুরু হয়।
একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের লোকজন বৃদ্ধ হাসমত উল্যাহকে মারধর করতে যায়। তখন নাতি ওমর ফারুক পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন। এ সময় প্রতিপক্ষের লোকজন ওমর ফারুক ও তার নানার পরিবারের সদস্যদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে প্রতিপক্ষের মধ্য থেকে একজন ধারালো দা দিয়ে ওমর ফারুকের গলায় আঘাত করে। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
আশঙ্কাজনক অবস্থায় ওমর ফারুককে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত হাবিবসহ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।