|
উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে ভয়াল ২৯ এপ্রিল স্মরণে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে ভয়াল ২৯ এপ্রিল স্মরণে জাতীয় সেমিনার অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে সেমিনারে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদিন, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বিভিন্ন উপকূলীয় অঞ্চলের রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ঢাকাস্থ কক্সবাজারের ছাত্রসমাজ এবং সুধীজন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর ইন্সটিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস-এর অধ্যাপক ড. কামাল হোসাইন। সেমিনারে ১৯৯১ সালের প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং সেই ভয়াবহ দিনের স্মৃতিচারণ করা হয় গভীর শ্রদ্ধা ও বেদনার সঙ্গে। বক্তারা বলেন, ওই দুর্যোগ শুধু ঘরবাড়িই ধ্বংস করেনি, বরং অসংখ্য মানুষের স্বপ্ন ও জীবনকে মুহূর্তেই তছনছ করে দিয়েছিল। বক্তারা উপকূলীয় অঞ্চলের সুরক্ষায় কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—উপকূলীয় বোর্ড গঠন, টেকসই ও আধুনিক বেড়িবাঁধ নির্মাণ, সবুজ বেষ্টনী (গ্রিন বেল্ট) সৃষ্টি, প্যারাবন নিধনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে বসতভিটা ও আবাদি জমির সংরক্ষণ নিশ্চিত করা এবং পরিবেশ সুরক্ষায় ব্যাপক সামাজিক সচেতনতা গড়ে তোলা। বক্তব্যকালে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বিশেষভাবে মহেশখালীর প্রসঙ্গ তুলে ধরে বলেন, ২৯ এপ্রিলের সেই ভয়াল দিন আমাদের জন্য এক চিরস্মরণীয় ট্র্যাজেডি। ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবেলায় আমাদের সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। সেমিনারে অংশগ্রহণকারী বক্তারা দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। একইসঙ্গে স্থানীয় পর্যায়ে বিদ্যমান সামাজিক সমস্যাগুলোর কথাও তুলে ধরেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদিন। সেমিনারের সার্বিক আলোচনায় উঠে আসে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করা শুধু একটি এলাকার দায়িত্ব নয়, বরং এটি পুরো বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িত। তাই “উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
