|
ট্রাম্পের ঘনিষ্ঠদের দুর্নীতির তদন্তে নামছে ডেমোক্র্যাটরা
নতুন সময় ডেস্ক
|
![]() ট্রাম্পের ঘনিষ্ঠদের দুর্নীতির তদন্তে নামছে ডেমোক্র্যাটরা রোববার (৮ নভেম্বর) সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান প্রতিনিধি পরিষদের নজরদারি কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য রবার্ট গার্সিয়া। প্রতিবেদনে বলা হয়, আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার কথা রয়েছে। এরপর প্রতিনিধি পরিষদের বিভিন্ন কমিটির মাধ্যমে তদন্ত, শুনানি এবং প্রয়োজনীয় নথিপত্র তলবের ক্ষমতা ব্যবহার করতে চান দলটির নেতারা। ট্রাম্প পরিবারের সমালোচনা করে গার্সিয়া বলেন, ‘হোয়াইট হাউসে আসা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবার এটি।’ তার অভিযোগ, সাধারণ মার্কিনিরা নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানির ব্যয় সামলাতে হিমশিম খেলেও ট্রাম্পের পরিবার ক্ষমতার কাছাকাছি থাকার সুযোগে নিজেদের সম্পদ বাড়িয়েছে। গার্সিয়া বলেন, ট্রাম্প জুনিয়র ও জ্যারেড কুশনারকে কংগ্রেসের সামনে হাজির হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। গত মে মাসে বাহামাসে ট্রাম্প জুনিয়র ও তার স্ত্রী বেটিনার বিলাসবহুল বিয়ের অনুষ্ঠান নিয়েও প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাটরা। ওই আয়োজনের একটি অংশের অর্থ জুগিয়েছিলেন রুশ ধনকুবের উমর ক্রেমলেভ বলে অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের প্রধান ক্রেমলেভের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত সেপ্টেম্বরে এ অর্থায়নের বিষয়ে তদন্ত শুরু করেন গার্সিয়া। তিনি ট্রাম্প জুনিয়র ও হোয়াইট হাউসের কাছে আর্থিক নথি ও সংশ্লিষ্ট কাগজপত্র চেয়েছিলেন। তবে ট্রাম্প দাবি করেছেন, তার ছেলে ওই অর্থ ফেরত দিচ্ছেন। পাশাপাশি বন্ধুদের বিয়ের অনুষ্ঠানে অর্থ ব্যয় করা অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেছেন তিনি। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ব্যবসায়িক কর্মকাণ্ড এবং কূটনৈতিক আলোচনায় অংশগ্রহণ নিয়েও তদন্ত করতে চান ডেমোক্র্যাটরা। প্রশাসনে আনুষ্ঠানিক কোনো পদ না থাকলেও রাশিয়া, ইউক্রেন ও পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন তিনি। ডেমোক্র্যাটদের প্রশ্ন, কুশনারের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের সঙ্গে তার কূটনৈতিক তৎপরতার কোনো সংঘাত তৈরি হয়েছে কি না। তবে হোয়াইট হাউসের দাবি, তার ব্যক্তিগত ব্যবসা এবং কূটনৈতিক ভূমিকা সম্পূর্ণ আলাদা। এছাড়া ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগ বা ডোজের (ডিওজিই) কর্মকাণ্ডও তদন্তের তালিকায় রয়েছে। সরকারি ব্যয় কমানো ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের দায়িত্ব পাওয়া এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন সরকারি সংস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছিল। পাশাপাশি সরকারি কর্মীসংখ্যা কমানো হয়েছিল। ডেমোক্র্যাটরা জানতে চান, এসব সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছিল, সরকারি সংস্থাগুলোর ওপর মাস্ক ও তার সহযোগীদের কতটা প্রভাব ছিল এবং তারা কী ধরনের সরকারি তথ্য ব্যবহারের সুযোগ পেয়েছিলেন। এ ছাড়া মাস্কের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সরকারি চুক্তি নিয়েও প্রশ্ন তুলতে চান তারা। বিশেষ করে তার মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের সঙ্গে সরকারের বড় অঙ্কের ব্যবসায়িক সম্পর্ক সম্ভাব্য স্বার্থের সংঘাতের বিষয়টি সামনে আনতে পারে বলে মনে করছেন ডেমোক্র্যাটরা। গার্সিয়া বলেন, শুধু তাদের কমিটি নয়, কংগ্রেসের অন্যান্য কমিটিরও মাস্ককে জিজ্ঞাসাবাদের বিষয়ে আগ্রহ রয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
জকসুর নারী সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি: কতটুকু বাস্তবায়িত, কতটুকু অধরা?
সিঁড়িতে মিলেছিল জবি ছাত্র জোবায়েদের রক্তাক্ত মরদেহ: চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু
