ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
হজ পালন শেষে বাসায় ফেরার পথে মৃত্যু: সৌদিতে রামগঞ্জের ৫ জনের করুণ পরিণতি
রায়হানুর রহমান
প্রকাশ: Monday, 16 February, 2026, 6:49 PM

হজ পালন শেষে বাসায় ফেরার পথে মৃত্যু: সৌদিতে রামগঞ্জের ৫ জনের করুণ পরিণতি

হজ পালন শেষে বাসায় ফেরার পথে মৃত্যু: সৌদিতে রামগঞ্জের ৫ জনের করুণ পরিণতি

সৌদি আরবের আবহা শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের পাঁচরুখি গ্রামের একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা হলেন—মিজানুর রহমান (৪২), তার স্ত্রী মেহের আফরোজ সুমী (৩০), তাদের দুই কন্যা মোহনা (১৩) ও দেড় বছর বয়সী শিশু সুবাহ।

পরিবার সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় তাদের অপর কন্যা ফাইজা আক্তার (১১) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। একই দুর্ঘটনায় গাড়ির চালক রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের বিষ্ণপুর পাটোয়ারী বাড়ির হোসেন মোহাম্মদ জিলানী (৩০), প্রকাশ বাবর, ঘটনাস্থলেই মারা যান।

নিহত বাবরের মা মনোজা আক্তার জানান, তার ছেলে গত বছর দেশে এসেছিলেন এবং ২০২৫ সালের মার্চ মাসে পাশ্ববর্তী শাহরাস্তি উপজেলার খেড়িহর গ্রামের বড় ভূইয়া বাড়িতে বিয়ে করেন। বিয়ের এক বছরের মাথায় এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তার স্ত্রী রহিমা আক্তার মনিকা বারবার জ্ঞান হারাচ্ছেন।

জানা যায়, গত রবিবার সৌদি আরব সময় রাত ৩টা (বাংলাদেশ সময় রাত ১১টা) আবহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র হজ পালন শেষে একটি রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে বাসায় ফেরার পথে তাদের গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়। ঘটনাস্থলেই মিজানুর রহমান, তার স্ত্রী ও দুই কন্যা এবং চালক বাবর নিহত হন।

নিহত মিজানুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানান তার বড় ভাই বাহারুল আলম। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান।

সোমবার সকালে গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় হৃদয়বিদারক দৃশ্য। নিহত মিজানুর রহমানের মা খুকি বেগম শোকে মাটি চাপড়িয়ে কাঁদছেন এবং বাবা শহিদ উল্যাহ অসুস্থ হয়ে শয্যাশায়ী রয়েছেন। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, লাশ দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত হলে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। এ বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনামের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে মোবাইলে পাওয়া যায়নি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status