বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হলেন রামগঞ্জের আবদুর রহমান খান
রায়হানুর রহমান
প্রকাশ: Sunday, 23 August, 2026, 8:40 PM
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হলেন রামগঞ্জের আবদুর রহমান খান
বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুর রহমান খান। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া গ্রামের পাটোয়ারী বাড়ির কৃতি সন্তান আবদুর রহমান খানকে আগামী তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ সংশ্লিষ্ট কনস্টিটুয়েন্সিতে তিনি এ দায়িত্ব পালন করবেন। বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ঋণ, অনুদান, উন্নয়ন প্রকল্প, নীতিগত সিদ্ধান্ত ও বিভিন্ন আর্থিক কার্যক্রম-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ভূমিকা রাখবেন আবদুর রহমান খান। এর আগে এ পদে দায়িত্ব পালন করেছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক জ্যেষ্ঠ সচিব শরীফা খান। আবদুর রহমান খানের এ নিয়োগের খবর রামগঞ্জে পৌঁছালে তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীধরপাড়ায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়দের অনেককে একে অপরকে মিষ্টি খাওয়াতে দেখা যায়। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুদ রানা মনি বলেন, ‘আমাদের গ্রামের একজন মানুষ দেশের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব পালনের পর এখন বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাঁর এই অর্জন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’ স্থানীয় বাসিন্দা আবদুর রহমান বলেন, ‘রামগঞ্জের জন্য এটি অত্যন্ত আনন্দের খবর। আমাদের এলাকার একজন মানুষ আন্তর্জাতিক পর্যায়ে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন, এতে আমরা গর্বিত। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, পুরো রামগঞ্জবাসীর অর্জন।’ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম আবদুর রহমান খানের এ সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘তাঁর এই মর্যাদাপূর্ণ ও গৌরবোজ্জ্বল অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। বিশেষ করে তাঁর আন্তর্জাতিক পদায়ন ও দেশসেবার স্বীকৃতিতে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জবাসী আবারও সম্মানিত ও গর্বিত হয়েছে।’ আবদুর রহমান খান বলেন, ‘আলহামদুলিল্লাহ, দেশের সীমানা পেরিয়ে বিশ্বমঞ্চে এই নতুন যাত্রায় দেশের মুখ যেন উজ্জ্বল করতে পারি। দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।’ ব্যক্তিগত জীবনে আবদুর রহমান খান বিবাহিত এবং দুই সন্তানের জনক। তাঁর নতুন দায়িত্বে দেশের উন্নয়ন সহযোগিতা জোরদার এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের স্বার্থ তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা স্থানীয়দের।