কপোতাক্ষ নদে খেয়া পারাপারের সময় নদীতে পড়ে যাওয়া রবিউলের লাশ উদ্ধার
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Sunday, 11 January, 2026, 3:30 PM
কপোতাক্ষ নদে খেয়া পারাপারের সময় নদীতে পড়ে যাওয়া রবিউলের লাশ উদ্ধার
খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের খেয়া পারাপারের সময় নদীতে পড়ে পড়ে যাওয়া রবিউল ইসলাম (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিউল ইসলাম উপজেলার মটবাটি এলাকার মৃত মুনছুর আলীর ছেলে। রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার কপিলমুনি ইউপির আগড়ঘাটা বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদের চরে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা।
এসময় পুলিশকে খবর দিলে নৌপুলিশ এসে লাশটি উদ্ধার করে। এদিকে নদীতে লাশ পাওয়া গেছে খবরে বিভিন্ন এলাকায় হতে উৎসুক জনতা ভিড় করে। পরে সনাক্ত করা হয় লাশটি নদীতে পড়ে হারিয়ে যাওয়া রবিউলের। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নৌকাযোগে নদী পারাপারের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে নদীতে পড়ে হারিয়ে যায়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া খেয়াঘাটে নৌকায় কপোতাক্ষ নদ পারাপার হওয়ার সময় অসুস্থ হয়ে নদীতে পড়ে হারিয়ে যায় রবিউল ইসলাম। এসময় ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করলেও সন্ধান পাওয়া যায়নি।
পাইকগাছা নৌপুলিশের ইনচার্জ রবিউল ইসলাম জানান, খেয়া পারাপারের সময় নদীতে পড়ে যাওয়া রবিউলের লাশ বলে পরিবারের সদস্যরা সনাক্ত করেছেন। পরিবার ও ইউপি চেয়ারম্যান -মেম্বারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় ঊর্ধাতন কর্তৃপক্ষের অনুমতিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।