|
ডিউটির ফাঁকে দীঘিনালা থানায় পিঠা উৎসব
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
|
![]() ডিউটির ফাঁকে দীঘিনালা থানায় পিঠা উৎসব রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহারের উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন থানায় কর্মরত পুলিশ সদস্যরা ও তাঁদের সহধর্মিনীরা। উদ্দেশ্য ছিল কর্মব্যস্ত পুলিশি জীবনের ভেতর কিছুটা স্বস্তির জায়গা তৈরি করা এবং পরিবারকে কর্মপরিবেশের সঙ্গে যুক্ত করা। এই উৎসবে গ্রামীণ শীতের ঐতিহ্য যেন একত্র হয়েছিল। নতুন চালের গুঁড়া, খেজুরের রস ও গুড়ে তৈরি ভাপা, চিতই, পাটিসাপটা, পুলি, নকশি ও আন্দশা পিঠার পাশাপাশি পরিবেশন করা হয় ঝিনুক পিঠা, পাকন পিঠা, তেল পিঠা, চুঙ্গা পিঠা (বাঁশের ভেতরে তৈরি), ডিম সুন্দরী ও হৃদয়হরণ পিঠা। খাবারের এই বৈচিত্র্য আয়োজনটিকে উৎসবের পূর্ণতা দেয়। এ বিষয়ে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার বলেন,-পুলিশ সদস্যরা সারাবছর নানা চাপের মধ্যে কাজ করেন। পরিবারকে সঙ্গে নিয়ে এমন আয়োজন করলে তাঁদের মানসিক শক্তি বাড়ে। তিনি আরও বলেন,-গ্রামবাংলার পিঠা আমাদের সংস্কৃতির অংশ। এই সংস্কৃতিকে ধরে রাখার পাশাপাশি থানাকে একটি মানবিক কর্মস্থল হিসেবে গড়ে তুলতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। সচেতন মহলের মতে, থানাকেন্দ্রিক এমন সাংস্কৃতিক উদ্যোগ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক সম্পর্ক তৈরির পথ প্রশস্ত করে। দীঘিনালা থানার পিঠা উৎসব তাই শুধু একটি শীতকালীন আয়োজন নয়—এটি পুলিশিংয়ের ভেতরে সংস্কৃতি, পরিবার ও মানুষের জায়গা করে দেওয়ার একটি প্রতীকী বার্তা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
