|
চোরাপথে বাংলাদেশে প্রবেশ: পানছড়িতে তিন ভারতীয় নাগরিক আটক
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() চোরাপথে বাংলাদেশে প্রবেশ: পানছড়িতে তিন ভারতীয় নাগরিক আটক আটক ব্যক্তিরা হলেন, জেমস কুমার রিয়াং (৩৩), তরসেন রিয়াং (৩০) এবং লাল থাকমা রিয়াং (৩২)—ত্রিপুরার গোমতি জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়ার বাসিন্দা। যৌথবাহিনী সূত্রে জানা যায়, গত ৬ ডিসেম্বর ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার চপলিং ছড়া এলাকার একটি অবৈধ সীমান্তপথ দিয়ে তারা বাংলাদেশের পানছড়ির রুপসেন পাড়া সীমান্ত দিয়ে প্রবেশ করেন। এরপর রাঙ্গামাটির বিলাইছড়ির রাকিয়ং লেক এলাকায় অবস্থান শেষে পুনরায় ভারতে ফেরার উদ্দেশ্যে রওনা হলে পূজগাং এলাকায় টহলরত বাহিনীর হাতে ধরা পড়েন। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, আটক লাল থাকমা রিয়াং ওরফে প্রশান্ত ত্রিপুরা মূলত রাঙ্গামাটির বিলাইছড়ির বাসিন্দা হলেও ২০২০ সালে স্থায়ীভাবে ভারতে গিয়ে সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেন। মেয়ের চিকিৎসার জন্য পরিবারের কাছ থেকে টাকা আনতেই তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার সঙ্গে ছিলেন ভারতের আরও দুই নাগরিক। ওসি আরও বলেন, অবৈধ অনুপ্রবেশের ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
