ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
সোনালি ধানে ভরে উঠেছে রাঙ্গাবালীর মাঠ, দাম না পাওয়ার আক্ষেপ কৃষকদের
মো. বাচ্চু, রাঙ্গাবালী
প্রকাশ: Wednesday, 10 December, 2025, 2:15 PM

সোনালি ধানে ভরে উঠেছে রাঙ্গাবালীর মাঠ, দাম না পাওয়ার আক্ষেপ কৃষকদের

সোনালি ধানে ভরে উঠেছে রাঙ্গাবালীর মাঠ, দাম না পাওয়ার আক্ষেপ কৃষকদের

চলতি মৌসুমে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগের সহায়তা এবং কৃষকদের নিজস্ব প্রচেষ্টায় এ বছর ধানের শীষে ভরে উঠেছে মাঠ।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে—পাকা ধান এখন মাঠজুড়ে সোনালি আভায় ঝলমল করছে। কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন ধান কাটা ও মাড়াইয়ের কাজে।

কৃষকদের দাবি, ফলন ভালো হলেও বাজারদর কম এবং ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। কেউ কেউ অভিযোগ করেন, পোকামাকড়ের আক্রমণে কৃষি অফিস থেকে যথাযথ পরামর্শ পাওয়া যায়নি, নিজেদের প্রচেষ্টাতেই ফসল রক্ষা করতে হয়েছে। তবে কৃষি অফিস বলছে, জনবল সংকট থাকায় শতভাগ সহায়তা দেওয়া সম্ভব হয়নি।

কৃষক আবদুল মজিদ বলেন, “এবার আবহাওয়া ভালো ছিল, তাই গতবারের তুলনায় ফলন অনেক ভালো হয়েছে। কৃষি অফিস থেকে যদি আরও পরামর্শ পেতাম, ফলন আরও বাড়তো।”

আরেক কৃষক জলিল সিকদার বলেন, “ফলন ভালো হয়েছে, কিন্তু সার–ঔষধের খরচ তুলতে পারছি না। বাজারে ধানের দাম যদি বাড়ে, তাহলে লাভবান হতে পারবো।”

রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, “মৌসুমজুড়ে আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ফলন ভালো হয়েছে। প্রতি হেক্টরে গড়ে সাড়ে ৪ থেকে ৫ টন উৎপাদন হবে বলে আশা করছি।”

কৃষকদের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “জনবল সংকটের কারণে সবার কাছে পৌঁছানো সম্ভব হয়নি। তবে আমরা প্রায় ৩ হাজার কৃষককে সার ও বীজসহ বিভিন্ন সহায়তা দিয়েছি।”

বাজার সিন্ডিকেটের বিষয়ে তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের সঙ্গে আলাপ হয়েছে। কোথাও সিন্ডিকেটের অভিযোগ পাওয়া গেলে উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বছর রাঙ্গাবালী উপজেলায় প্রায় ২৯ হাজার ১৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১,০০০ থেকে ১,০৫০ টাকা দরে।

এদিকে মাঠজুড়ে পাকা ধানের সুবাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রাঙ্গাবালীর গ্রামগুলোতে। কৃষকেরা এখন নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status