|
শ্রীপুরে গাছ ফেলে রাস্তায় ডাকাতি; দুজনের মৃত্যু
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() শ্রীপুরে গাছ ফেলে রাস্তায় ডাকাতি; দুজনের মৃত্যু নিহত দু'জনের মধ্যে ডাকাত দলের সদস্যের একজন মো. আরিফ হোসেন (২২)। তিনি কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে। অপরদিকে এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে আবুল কালাম (৩০) নামের এক সিএনজি চালকের। তিনি শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। ঘটনার সময় তিনি ওই সড়ক হয়ে মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্র, পুলিশ এবং শফিকুল ইসলাম নামের এক ভুক্তভোগী বলেন, তিনি শ্রীপুরের এমসি বাজার থেকে একটি পিকআপ নিয়ে বরমী যাচ্ছিলেন। পথে সাতখামাইর বাজারের অদূরে মাজার এলাকায় পৌঁছালে ১০-১২ জনের ডাকাত দল তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায় তারা। একই সময় ওই সড়কে অন্যান্য গাড়ি থেকেও ডাকাতি করছিল ডাকাত দলের সদস্যরা। এক পর্যায়ে ভুক্তভোগী সবাই মিলে চিৎকার শুরু করে। তারা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করতে শুরু করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সম্মিলিতভাবে ডাকাত দলের ৪ সদস্যকে আটক করে ফেলেন তারা। এ সময় গাড়ির ধাক্কায় আরিফ হোসেন নামে এক ডাকাত সদস্য গুরুতর আহত হয়। অপরদিকে ডাকাত দলের হামলায় সিএনজি অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান আরিফ। মুমূর্ষু অবস্থায় সিএনজি চালক আবুল কালামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে মারা যান তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: শারমিন সুলতানা বলেন, গত রাতে আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, চার ডাকাত সদস্য পুলিশের হাতে আটক আছে। গাড়ির আঘাতে এক ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে। শুনেছি এ ঘটনায় আহত সিএনজি চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা খোঁজ নিচ্ছি। ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর কার্যক্রম চলমান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
