ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
টাকা ছড়ানোর অভিযোগে নিক্সনের প্রার্থিতা বাতিল চান আ.লীগ নেতা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 31 December, 2023, 3:06 AM

টাকা ছড়ানোর অভিযোগে নিক্সনের প্রার্থিতা বাতিল চান আ.লীগ নেতা

টাকা ছড়ানোর অভিযোগে নিক্সনের প্রার্থিতা বাতিল চান আ.লীগ নেতা

নির্বাচনী সভায় টাকা ছড়ানোর অভিযোগ এনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের প্রার্থিতা বাতিল চেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ সাইফুর রহমান।


শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের নিকট তিনি লিখিত এ আবেদন করেন। মুহম্মদ সাইফুর রহমান  ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্যাহর প্রধান নির্বাচনী এজেন্ট। 

উপজেলা আওয়ামী লীগের প্যাডে মুহম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত ওই আবেদনপত্রে বলা হয়েছে, গত ২৮ ডিসেম্বর দুপুরে ভাঙ্গা থানার উত্তর পাশে কাজী মাহবুব উল্যাহ  কলেজের সন্নিকটে সেতু  সংলগ্ন অটো স্ট্যান্ডে একটি নির্বাচনী সভায় প্রকাশ্যে ভোটারদের মাঝে টাকা বিতরণ করেছেন স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরী।


লিখিত অভিযোগে আরও বলা হয়, তিনি (নিক্সন) প্রকাশ্যে অর্থ বণ্টনের মাধ্যমে ভোটারদের প্ররোচিত করে নির্বাচনী আচরণবিধি ৩(১) ধারার সুস্পষ্ট লঙ্ঘন করেছেন। নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে তার প্রার্থিতা বাতিল করার জন্য জোর দাবি জানাচ্ছি।  

এ বিষয়ে নিক্সন চৌধুরী বলেন, আমার নামে মিথ্যা প্রচার করা হচ্ছে। তারা খিচুড়ি খাওয়ার জন্য আমার কাছে কিছু টাকা চেয়েছিল, আমি তাদের বকশিশ হিসেবে দিয়েছি। আমি এভাবে অনেক গরিব-দুঃখী মানুষকে সহযোগিতা করে থাকি, এটা নির্বাচনী বিষয় না।

জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্যাহ বলেন, নিক্সন চৌধুরী টাকা ছড়াচ্ছে এই ধরনের ভিডিও আমিও দেখেছি। আমি আশা করি যে, নির্বাচন কমিশন এ ব্যাপারে  প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমরা চাই, আওয়ামী লীগের পক্ষ থেকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। ভোটাররা যাকে খুশি তাকে ভোট দিতে পারবে।

অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, এ প্রসঙ্গে একটি আবেদন পেয়েছি। সেটি অনুসন্ধান কমিটিতে পাঠিয়েছি। ওই কমিটির প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়া গেলে বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারের নিকট পাঠানো হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বের) দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙ্গা থানার পাশে কাজী মাহবুব উল্যাহ কলেজ পাড়ে নিক্সন চৌধুরী নির্বাচনী সভা শেষে এক কর্মীর হাতে তার পাঞ্জাবির পকেট থেকে কিছু টাকা বের করে দেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

ওই ভিডিওতে দেখা যায়, একটি নির্বাচনী সভায় বক্তব্যের শেষের দিকে নিক্সন চৌধুরী বলছেন- ‘আগামী শনিবার আলগীতে আপনারা একটা বড় শোডাউন করবেন। কিন্তু নির্বাচনের আচরণবিধির জন্য আমরা আপনাদের কিছু বলতে পারছি না। তবে আপনারা খিচুড়ি খাবেন, সেই ব্যবস্থা আমি করে দিতে পারি।’ 

এ কথা বলার পর নিক্সন চৌধুরী তার পাশে দাঁড়ানো ব্যক্তির হাতে পকেট থেকে নগদ টাকা বের করে দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status