ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
ঢাকাই সিনেমায় নতুন প্রজন্মের নায়িকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 19 August, 2022, 6:01 PM

ঢাকাই সিনেমায় নতুন প্রজন্মের নায়িকা

ঢাকাই সিনেমায় নতুন প্রজন্মের নায়িকা

শোবিজের অধিকাংশই খুব বেশি দিন তাদের জায়গাটা ধরে রাখতে পারেন না। একটা সময় ছেড়ে দিতে হয়। বিশেষ করে নায়ক বা নায়িকাদের ক্ষেত্রে। নতুনদের আগমনে বিদায় ঘটে পুরনোদের। ঢাকাই সিনেমায় একঝাঁক নতুন নায়িকা অভিনয় করছেন।


জানা যাক নতুন কোন কোন নায়িকা ঢাকার সিনেমায় সরব আছেন ।


সুনেরা বিনতে কামাল

ঢাকাই সিনেমার এই নতুন নায়িকা প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেন। তার অভিনীত প্রথম সিনেমার নাম 'ন ডরাই'। এক সিনেমা করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। সিনেমা ছাড়া মডেলিংও করেন। বিটিভির তালিকাভুক্ত এই অভিনেত্রী 'অন্তর্জাল' নামের আরও একটি সিনেমায় অভিনয় করেছেন। 'অন্তর্জাল' মুক্তির অপেক্ষায়।


সুনেরা বিনতে কামাল বলেন, 'সিনেমা নিয়ে সুন্দর কিছু স্বপ্ন আছে। সেভাবেই এগিয়ে যাব।'


জান্নাতুল ফেরদৌস ঐশী

এই নায়িকার ঢালিউডে নতুনদের মধ্যে ব্যস্ততা একটু বেশি। 'রাত জাগা ফুল' সিনেমা দিয়ে পরিচিতি পেয়েছেন। এছাড়া 'মিশন এক্সট্রিম' সিনেমা দিয়েও বেশ পরিচিতি এসেছে ঐশীর। এই দুটি সিনেমা তাকে বেশ আত্মবিশ্বাসী করেছে। 'আদম' নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এছাড়া 'মিশন এক্সট্রিম টু' সিনেমার নায়িকাও তিনি।


তিনি বলেন, 'সিনেমায় ভালো একটা অবস্থান গড়তে চাই। সিনেমা নিয়ে আমার অনেক স্বপ্ন।'


জাহারা মিতু

গ্ল্যামারাস এই নায়িকা ব্যস্ত আছেন নতুন সিনেমা নিয়ে। কাজী হায়াতের মতো বিখ্যাত পরিচালকের সিনেমায় অভিনয় করছেন তিনি। সিনেমার নাম 'জয় বাংলা'। অন্যদিকে শাহীন সুমন পরিচালিত কুস্তিগীর সিনেমায় অভিনয় করছেন এই নায়িকা। 'কুস্তিগীর' ও 'জয় বাংলা' সিনেমায় তার নায়ক বাপ্পী। এছাড়া একই নায়কের সঙ্গে 'যন্ত্রণা' নামে একটি সিনেমা করেছেন।


জাহারা মিতু বলেন, সিনেমার প্রতি আমার ভালোবাসা প্রবল। নিজেকে ভালো ভালো সিনেমায় দেখতে চাই।


ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক দেবের বিপরীতেও 'কমান্ডোতে' অভিনয় করেছেন তিনি। এই সিনেমার কাজ এখনো শেষ হয়নি।


নাজিফা তুষি

নাজিফা তুষি অভিনীত প্রথম সিনেমা 'নেটওয়ার্কের বাইরে'। এই সিনেমাটি বেশ আলোচনায় আসে। নায়িকা হিসেবেও তাকে পরিচিতি এনে দেয়। মেজবাউর রহমান সুমন পরিচালিত 'হাওয়া' সিনেমার নায়িকাও নাজিফা তুষি । 'হাওয়া' চলতি মাসের ২৯ জুলাই মুক্তি পাবে। সিনেমাপ্রেমীদের মাঝে হাওয়া সিনেমা দিয়ে টুষিকে নতুনভাবে দেখা যাবে।


তুষি বলেন, 'হাওয়া সিনেমা নিয়ে আমার প্রত্যাশা অনেক বেশি। এভাবেই ভালো ভালো সিনেমায় যুক্ত থাকতে চাই।'


শাহনাজ সুমি

আলোচিত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'পাপ পূণ্য' সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে শাহনাজ সুমির। 'পাপ পূণ্য' কিছুদিন আগে মুক্তি পেয়েছে। শাহনাজ সুমি 'দামাল' নামের আরেকটি সিনেমায় অভিনয় করেছেন। 'দামাল' সিনেমায় সিয়াম, বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজসহ আরও অনেকেই অভিনয় করেছেন।


সুমি বলেন, 'ভালো কিছুর অপেক্ষায় আছি। আশা করছি স্বপ্ন পূরণ হবে।'


মন্দিরা

মন্দিরা তার ক্যারিয়ারে প্রথম সিনেমায় পরিচালক হিসেবে পেয়েছেন নামি পরিচালক গিয়াস উদ্দিন সেলিমকে। সাড়া জাগানো গল্প 'কাজল রেখায়' অভিনয় করছেন তিনি। তার পুরো নাম মন্দিরা চক্রবর্তী। প্রথম লটের শুটিং শেষও করেছেন। নাচে পারদর্শী মন্দিরা 'কাজল রেখা' সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন।


তিনি বলেন, 'আশা করছি কাজল রেখা আমার জীবনে বড় কিছু যোগ করবে। এভাবেই ঢাকাই সিনেমায় কাজ করে যেতে চাই।'


অলিভিয়া মাইশা

ঢাকাই সিনেমার আরেক নতুন নায়িকার নাম অলিভিয়া মাইশা। তার অভিনীত প্রথম সিনেমার নাম 'পদ্মা সেতু'। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। আরও নতুন একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।


অলিভিয়া মাইশা বলেন, 'আমার সবচেয়ে ভালোবাসার জায়গা সিনেমা। সিনেমা নিয়েই থাকতে চাই।'


নিশাত সালওয়া

ঢাকাই সিনেমার মিষ্টি মেয়ে খ্যাত নায়িকা কবরী পরিচালিত 'এই তুমি সেই তুমি' সিনেমার নায়িকা নিশাত সালওয়া। এছাড়া 'স্বপ্নে দেখা রাজকন্যা' ও 'বীরত্ব' নামে আরও দুটি সিনেমার শুটিং শেষ হয়েছে তার।


প্রিয়মনি

ঢাকাই সিনেমার আরেক নতুন নায়িকার নাম প্রিয়মনি। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমার নাম 'কসাই'। আরও নতুন একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।


ঢাকাই সিনেমায় আরও বেশ কয়েকজন নতুন নায়িকার আগমন ঘটেছে। কেউ কাজ করছেন আবার কেউ একটি সিনেমা করেই হারিয়েও গেছেন। রোদেলা নামের একজন নায়িকা শাকিব খানের সঙ্গে 'শাহেন শাহ' সিনেমায় অভিনয় করেছেন। নতুন নায়িকা সূচনা আজাদের নতুন সিনেমা 'আগামীকাল' মুক্তি পেয়েছে । এছাড়া সূচনা আজাদ অভিনীত 'আব্বাস' সিনেমাটি বেশ সাড়া ফেলেছিল। আরও কয়েকজন নতুন নায়িকা অভিষেকের পথে রয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status