|
প্রেসার নরমাল তাহলে ঔষুধ কেন?
ড: আরেফিন আদনান
|
![]() প্রেসার নরমাল তাহলে ঔষুধ কেন? কথা চালিয়ে যাওয়ার প্রাক্কালেই বুঝতে পারলাম উনি বিগত ১ বছর ধরে প্রেসার এর ঔষুধ খাচ্ছেন এবং সম্প্রতি গত ২ সপ্তাহ যাবত সেই ঔষুধ খাওয়া বন্ধ রেখেছেন। কারন ঐ একটাই উনি স্থানীয় ঔষুদের (যেটাকে আমরা ফার্মেসি বলি) দোকান থেকে প্রেসার মাপার পর প্রেসার নরমাল পাইছেন, যেটা উনার ঔষুধ শুরু করার আগের প্রেসারের সমান। এইজন্য প্রেসারের ঔষুধ বন্ধ করার ব্যাপারে নিশ্চিন্ত হওয়ার জন্য আমাকে কল দিয়েছেন। আমি উনাকে বুঝানোর চেষ্টা করলাম। কিন্তু বুঝতে পারলাম আমার শুকনো এবং কাষ্ঠল কথায় আসলে উনি তার সিদ্ধান্ত থেকে সরে আসবেন না। এই সমস্যা বা চিন্তাধারা শুধু একজন মানুষের না, প্রেসারের ঔষুদের ব্যাপারে শুধু বাংলাদেশেই না পৃথিবীর অধিকাংশ মানুষএকটা ভ্রান্ত ধারনা পোষন করে। আর এই ধারনার প্রেক্ষাপটেই আজকের আলোচনা করতে যাচ্ছি। যেহেতু একার পক্ষে সবাইকে সচেতন করা সম্ভব না, কিন্তু একটা লেখার মাধ্যমে অনেকের কাছে পৌছানো সম্ভব, যেন কিছু মানুষ সচেতন হয় এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা পাই। উচ্চ রক্তচাপ ধরা পড়ার পর প্রায় সকলে কিছুদিন নিয়মিত ওষুধ খান, প্রেসার মেপে দেখেন স্বাভাবিক, তারপর নিজেই ওষুধ বন্ধ করে দেন। সিদ্ধান্তটি দেখতে নিরীহ, কিন্তু পরিণতি অনেক সময় ভয়াবহ হতে পারে। বাংলাদেশ ডেমোগ্রাফিক এবং হেলথ সার্ভে (বিডিএইচএস) বাংলাদেশের ১২ হাজার ৯০৪ জন প্রাপ্তবয়স্কের ওপর করা (বিডিএইচএস ২০১৭-১৮) জাতীয় জরিপে দেখা গেছে, দেশে উচ্চ রক্তচাপের হার ২৬.২ শতাংশ, অর্থাৎ প্রতি চারজনে একজনের বেশি। পুরুষদের মধ্যে এই হার ২৩.৫ শতাংশ এবং নারীদের মধ্যে ২৮.৯ শতাংশ। তবে উদ্বেগের বিষয় হলো নিয়ন্ত্রণের হার। সামগ্রিক আক্রান্তদের মধ্যে মাত্র ১২.৭ শতাংশের রক্তচাপ নিয়ন্ত্রণে আছে, এবং জরিপের মধ্যে যাঁরা চিকিৎসা নিচ্ছেন, তাঁদের মধ্যেও মাত্র ৪৩.৬ শতাংশের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। অর্থাৎ, শুধু চিকিৎসা শুরু করলেই সুরক্ষা মেলে না; তা নিয়মিত চালিয়ে যাওয়া জরুরি। প্রেসার নরমাল মানে কি রোগ সেরে গেছে? না। উচ্চ রক্তচাপ সাধারণত পুরোপুরি সারে না, বরং এটি নিয়ন্ত্রণে রাখতে হয়। প্রেসার স্বাভাবিক দেখাচ্ছে মানে আপনার ওষুধ ঠিকমতো কাজ করছে। চশমা চোখে দিলে যেমন স্পষ্ট দেখা যায়, কিন্তু খুলে ফেললে আবার ঝাপসা হয়ে যায়—ওষুধ আর প্রেসারের সম্পর্কটি ঠিক তেমনই। চশমা পরে ভালো দেখা মানেই চোখ সেরে যাওয়া নয়, তেমনি প্রেসার নরমাল মানেই রোগমুক্তি নয়। মানুষ কেন নিজে নিজে ওষুধ বন্ধ করে দেয়? লক্ষণ না থাকা: উচ্চ রক্তচাপকে বলা হয় "নীরব ঘাতক"। মাথাব্যথা বা বড় কোনো শারীরিক অস্বস্তি না থাকলে রোগী ভাবেন তাঁর আর কোনো অসুখ নেই। মাপার যন্ত্রে ভরসা: কয়েকবার স্বাভাবিক রিডিং দেখে অনেকে ধরে নেন তার প্রেসার আবারো পূর্বের অবস্থায় বা স্বাভাবিক হয়ে গেছে। আজীবন ওষুধের ভয়: "একবার শুরু করলে সারাজীবন খেতে হবে"—এই ভয়ে অনেকেই ওষুধ বাদ দিতে চান। ভুল ধারণা ও সংশয়: দীর্ঘমেয়াদি ওষুধ খেলে কিডনি নষ্ট হবে কিংবা ওষুধে শরীর অভ্যস্ত হয়ে যাবে, এমন ভুল ধারণা অনেক সময় কাজ করে। খরচ ও ভুলে যাওয়া: দীর্ঘমেয়াদি চিকিৎসার খরচ এবং প্রতিদিন নিয়ম করে ওষুধ খাওয়ার কথা মনে রাখার ঝামেলা। ঔষুধ ছাড়ার পরও প্রেসার কিছুদিন নরমাল দেখায় কেন? আমাদের শরীলে প্রেসার নিয়ন্ত্রনকারী অঙ্গ মুলত হার্ট, কিডনী এবং পিটুইটারি গ্রন্থি। ঔষুধ মুলত এই তিনটি অঙ্গের উপর কাজ করে,স্বাভাবিক শারীলবৃত্তীয় প্রক্রিয়া ব্যহত হওয়ার জন্য শরীলে রক্তচাপের যে আধিক্য,সেই প্রক্রিয়াকে কিছুটা পরিবর্তনের মাধ্যমে ঔষুধ শরীলের প্রেসারকে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে। ওষুধ বন্ধ করলেই যে রক্তচাপ এক লাফে অনেক বেড়ে যায়, তা নয়। এর পেছনে কিছু সুনির্দিষ্ট শারীরবৃত্তীয় কারণ কাজ করে: •ওষুধের অবশিষ্ট প্রভাব: উচ্চ রক্তচাপের আধুনিক ওষুধগুলো শরীরে দীর্ঘ সময় ধরে কার্যক্ষম থাকে। আপনি ওষুধ খাওয়া বন্ধ করলেও রক্ত ও রক্তনালীতে ওষুধের উপাদান পুরোপুরি নিঃশেষ হতে বেশ কিছুদিন সময় লাগে। •রক্তনালীর দীর্ঘমেয়াদি স্থিতিস্থাপকতা: দীর্ঘদিন ওষুধ খাওয়ার ফলে রক্তনালীগুলো একটি প্রসারিত ও স্বাভাবিক অবস্থায় অভ্যস্ত হয়ে পড়ে। হঠাৎ ওষুধ বন্ধ করলেও রক্তনালীর পেশিগুলো সঙ্গে সঙ্গে আগের মতো শক্ত বা সংকুচিত হয়ে যায় না। •ধীরে পরিবর্তন: শরীরের নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা (যেমন কিডনি ও হরমোনজনিত প্রক্রিয়া) আগের অবস্থায় ফিরতে সময় নেয়, তাই রক্তচাপ ধাপে ধাপে বাড়তে শুরু করে। এই সময়টিকে অনেকে সাময়িক স্বস্তি মনে করে ভুল করেন। কিন্তু শরীরের ভেতরে ধীরে ধীরে ওষুধের প্রভাব শেষ হতে থাকে এবং রক্তচাপ নীরবে আবার বিপদসীমার দিকে এগোতে থাকে। এই নরমাল দেখানোটা কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে? ওষুধ বন্ধের পর কতদিন প্রেসার নরমাল দেখাবে, তা নির্দিষ্ট কোনো একটি সংখ্যার ওপর নির্ভর করে না। এটি ব্যক্তিভেদে কয়েক দিন থেকে শুরু করে ২-৪ সপ্তাহ (এমনকি ক্ষেত্রবিশেষে ২-৩ মাস পর্যন্ত) দেখা যেতে পারে। এই সময়সীমা নির্ভর করে কয়েকটি বিষয়ের ওপর: ওষুধের ধরন: যেসব ওষুধের হাফ-লাইফ দীর্ঘ (যেমন: Telmisartan বা Amlodipine), সেগুলোর প্রভাবে বন্ধ করার পর ১ থেকে ৩ সপ্তাহ পর্যন্ত প্রেসার নরমাল বা স্বাভাবিকের কাছাকাছি দেখা যেতে পারে। কতদিন ধরে ওষুধ খাচ্ছিলেন: দীর্ঘদিন নিয়মিত ওষুধ খেলে রক্তনালী ও শরীরের ওপর এর ইতিবাচক প্রভাব বেশি স্থায়ী হয়, ফলে বন্ধ করার পরও বেশি দিন প্রেসার নরমাল থাকতে পারে। লাইফস্টাইল বা জীবনযাত্রা: ওষুধ বন্ধের পর কেউ যদি কম লবণ খায়, নিয়মিত হাঁটে এবং মানসিক চাপ মুক্ত থাকে, তবে তার প্রেসার হয়তো আরও কিছুদিন নরমাল দেখাবে। অনিয়মিত ঔষুধ সেবন (Poor adherence) বা বন্ধ করার পরিনতি প্রেসার বাড়তে থাকলেও অনেক সময় রোগী তা বুঝতে পারেন না। এই অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ শরীরের ভেতরে মারাত্মক ক্ষতি ডেকে আনে: স্ট্রোক: মস্তিষ্কের রক্তনালী ছিঁড়ে যাওয়া বা ব্লকেজ হয়ে স্ট্রোকের ঝুঁকি তৈরি হয়। হার্ট অ্যাটাক: হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়ে হার্ট অ্যাটাক বা হৃদ্যন্ত্রের অকার্যকারিতা দেখা দিতে পারে। কিডনির স্থায়ী ক্ষতি: দীর্ঘদিন অনিয়ন্ত্রিত প্রেসার কিডনির সূক্ষ্ম রক্তনালী নষ্ট করে, স্থায়ী ক্ষতি বা ক্রনিক কিডনি ডিজিজ নামক জটিল রোগ সৃষ্টি করে দৃষ্টিশক্তি হ্রাস: চোখের পেছনের রেটিনার রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে স্থায়ী দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে। ওষুধ মাঝে মাঝে বন্ধ করে আবার শুরু করা—এই ওঠানামাও রক্তনালীর জন্য অত্যন্ত ক্ষতিকর। অনেক সময় প্রথম বড় লক্ষণ হিসেবেই স্ট্রোক বা হার্ট অ্যাটাক চলে আসে। করনীয় ও সমাধান ১. চিকিৎসকের পরামর্শ নিন: নিজে থেকে কখনোই প্রেসারের ওষুধ বন্ধ বা এর মাত্রা পরিবর্তন করবেন না। জীবনযাত্রার পরিবর্তনের পর যদি ওষুধ কমানোর প্রয়োজন হয়, তবে সেই সিদ্ধান্ত নেবেন কেবল চিকিৎসক। ২. নিয়মিত ফলো-আপ: প্রেসার স্বাভাবিক থাকলেও নির্দিষ্ট সময় পরপর চিকিৎসকের কাছে গিয়ে তা পরীক্ষা করান। ৩. সঠিক নিয়মে প্রেসার মাপা: কিছুক্ষণ বসে বিশ্রাম নেওয়ার পর প্রেসার মাপুন, রিডিংগুলো লিখে রাখুন, সাথে ব্লাড প্রেশার মনিটরিং চার্ট তৈরী করুন এবং চিকিৎসককে দেখান। একটিমাত্র ভালো রিডিং কখনো প্রেসার এর সামগ্রিক অবস্থা নিশ্চিত করে না। ৪. জীবনযাত্রায় পরিবর্তন: প্রতিদিনের খাদ্যতালিকায় লবণ কমানো, নিয়মিত হাঁটা বা ব্যায়াম করা, ওজন নিয়ন্ত্রণ, ধূমপান বর্জন এবং মানসিক চাপ মুক্ত থাকা ওষুধের কার্যকারিতাকে সহায়তা করে। তবে এগুলো কখনোই ওষুধের বিকল্প নয়। ৫. পরিবারের ভূমিকা: অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে, বয়স বাড়লে এবং মানুষের "ও কিছু হবে না" জনিত অবহেলায় রক্তচাপ নিয়ন্ত্রণের হার কমে যায়। তাই পরিবারের বয়স্ক সদস্যদের ওষুধের সময় মনে করিয়ে দেওয়া এবং অন্যদেরকে নিয়মিত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া এবং ঔষুধ সেবনে উৎসাহিত করা সবার দায়িত্ব। মনে রাখা উচিত প্রতিকার থেকে প্রতিরোধ উত্তম। শেষ কথা প্রেসার স্বাভাবিক থাকা মানে ওষুধ ছেড়ে দেওয়া তা নয়, বরং এটি প্রমাণ করে যে আপনার ওষুধ সঠিকভাবে কাজ করছে। উচ্চ রক্তচাপের চিকিৎসা একটি দীর্ঘ মেয়াদী পথচলা, যেখানে নিয়মতান্ত্রিক যাপিত জীবন সবচেয়ে বড় সুরক্ষা বলয়। তাই নিজের মনে কোনো সিদ্ধান্ত না নিয়ে চিকিৎসকের পরামর্শ মেনে চলুন এবং সুস্থ থাকুন। উচ্চরক্তচাপ জনিত যে কোন শারিরীক বিকলাঙ্গতা শুধু মাত্র ব্যক্তি বিশেষের ক্ষতি ব্যাপারটা মোটেও তা নয় বরং এইটা একটা পরিবার, সমাজ সর্বপোরি রাষ্ট্রের ক্ষতি। তথ্যসূত্র: বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০১৭-১৮; জার্নাল অব ক্লিনিক্যাল হাইপারটেনশন, ২০২১। লেখক: ড: আরেফিন আদনান, সিনিয়র,মেডিকেল অফিসার, কুদাফারি, নুন, এটোল হাসপাতাল মালদ্বীপ।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
চিরিরবন্দরে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ময়মনসিংহে মানববন্ধন
অনভিজ্ঞ এমডির অনিয়ম স্বেচ্ছাচারিতায় ঝুঁকির মুখে মেট্রোরেল, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
বিডিনগ সম্মলনে বক্তারা: আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ, মাত্র ১৮ শতাংশ
